নওগাঁর নামাজগড় গাউসুল আযম কামিল মাদ্রাসায় গতকাল সোমবার সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২৪ জন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ-সমর্থিত ছাত্র ও সন্ত্রাসীরা এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।আহতদের মধ্যে ১৫ জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসা থেকে কারিগরি শাখা বাদ দেওয়ার দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এ ঘটনাটি ঘটিয়েছেন। ঘটনার পর মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকাবাসী ও মাদ্রাসা সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় কারিগরি শাখার একমাত্র কম্পিউটারটি অধ্যক্ষ আবদুস সাত্তার তাঁর কক্ষে নিয়ে আসেন। এ ব্যাপারে কারিগরি শাখার শিক্ষকেরা অধ্যক্ষের কক্ষে আলোচনার জন্য যান। তিনি রুম থেকে বের হয়ে শিক্ষকদের বের হওয়ার সবগুলো দরজা বন্ধ করে দেন। তিনি তাঁর সমর্থিত ছাত্র এবং বহিরাগত সন্ত্রাসীদের শিক্ষকদের ওপর হামলার নির্দেশ দেন। এ সময় ফাজিল ক্লাসের ছাত্র মো. ফারুকের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা চালানো হয়। তারা লাঠিসোঁটা, রড, দা, বঁটি নিয়ে শিক্ষকদের এলোপাতাড়ি মারধর, ছুরিকাঘাত করে। সন্ত্রাসীরা কোনো কোনো শিক্ষককে দোতলার ওপর থেকে নিচে ফেলে দেয়। এ সময় আতঙ্কে ছাত্রছাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। আশপাশের লোকজন জড়ো হতে থাকলে অধ্যক্ষের নির্দেশে সন্ত্রাসীরা মাদ্রাসার প্রধান ফটক বন্ধ করে দেয়। গুরুতর আহতদের মধ্যে শিক্ষক শহিদুল ইসলাম, ফরহাদ হোসেন, মোস্তফা কামাল, আবদুল গাফ্ফার, মিজানুর রহমান, বাবর আলী, আবু সালেহ, মাহফুজুর রহমান, সালেহ রহমান, আরাফাত হোসেন, শহিদুল ইসলাম এবং রোকনুজ্জামানকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অধ্যক্ষ সাত্তার সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি বলেন, ‘আমি কোনো সাংবাদিককে ডাকিনি। আমি যখন ডাকব তখন আপনারা আসবেন, তার আগে কেউ মাদ্রাসায় প্রবেশ করবেন না।’ খবর পেয়ে নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক মোছামঞ্চাৎ নাজমানারা খানুম হাসপাতালে আহত শিক্ষকদের দেখতে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে কারিগরি শাখার শিক্ষক রাকিব আহসান জানিয়েছেন।নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।