সন্ত্রাসীদের হুমকি, স্বাস্থ্য বিভাগে নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের পরিচয়ে নিজেদের পছন্দের তালিকা থেকে নিয়োগে সিভিল সার্জনকে সন্ত্রাসীদের হুমকি এবং পরীক্ষা কমিটির সদস্যদের পটুয়াখালীতে ঢুকতে না দেওয়ায় সিভিল সার্জনের কার্যালয়ে ৫১টি পদে লোক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।গতকাল রোববার বিকেলে ওই কার্যালয়ের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫১টি পদে লোক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এ ছাড়া কর্তৃপক্ষ আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় সুইপার পদের মৌখিক পরীক্ষাও স্থগিত করেছে।পরীক্ষা কমিটির সদস্যসচিব সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় জানান, নিয়োগ পরীক্ষার এক দিন আগে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একদল সন্ত্রাসী তাঁর কার্যালয়ে ঢোকে। সন্ত্রাসীরা নিজেদের ক্ষমতাসীন দলের বলে পরিচয় দিয়ে তাদের তালিকা অনুযায়ী লোক নিয়োগের জন্য চাপ দেয় এবং হুমকি-ধমকি দিয়ে শাসিয়ে যায়। এ ছাড়া সন্ত্রাসীরা রাতে নিয়োগ কমিটির সভাপতি স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ খায়রুল আনাম এবং সদস্য স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক (প্রশাসন) মোশতাক আল মেহেদীকে লেবুখালী ফেরিঘাটে পটুয়াখালীতে ঢুকতে বাধা দেয়। সন্ত্রাসীরা হুমকি দিয়ে তাঁদের ফেরত পাঠিয়ে দেয়।সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী স্বপন কুমার রায় জানান, জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ওই ৫১টি পদের বিপরীতে মোট এক হাজার ৫৫৭ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এ ছাড়া সুইপারের সাতটি শূন্য পদে আগামীকাল মঙ্গলবার শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে পরীক্ষায় অংশ নিতে আসা নিয়োগপ্রত্যাশীরা পরীক্ষা স্থগিত হওয়ার বিজ্ঞপ্তি দেখে মুষড়ে পড়েছেন।হঠাৎ করে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র‌্যাবের সদস্যরা গতকাল সিভিল সার্জন কার্যালয় চত্বরে অবস্থান নেন।কলাপাড়া থেকে আসা শারীরিক প্রতিবন্ধী গিয়াস উদ্দিন বলেন, ‘গরিব মানুষ। দীর্ঘদিন চেষ্টা করে চাকরি পাইনি। চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে। ভিক্ষা করে লেখাপড়া করেছি। ধার করে টাকা জোগাড় করে পরীক্ষা দিতে এসেছিলাম। এখন দেখি পরীক্ষা স্থগিত। আমি কিছু বুঝি না, চাকরি চাই।’ এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন বলেন, এই সন্ত্রাসী ঘটনার সঙ্গে আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠন জড়িত নয়।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয় নিয়ে সদর থানায় শনিবার রাতেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অমল কৃষ্ণ মণ্ডল বলেন, ঘটনা সম্পর্কে তাঁরা অবহিত আছেন। তবে পরীক্ষা নেওয়া বা না নেওয়ার এখতিয়ার পরীক্ষা কমিটির।