সন্ত্রাসীদের হুমকিতে এসিডদগ্ধ মঞ্জুয়ারার পরিবার বাড়িছাড়া
গাইবান্ধায় এসিড নিক্ষেপ মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামির ভাড়াটে সন্ত্রাসীরা এসিডদগ্ধ মঞ্জুয়ারাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাঁরা মঞ্জুয়ারা ও তাঁর স্বামীকে খুঁজছেন। এ কারণে মামলার রায়ের পর থেকে ভয়ে মঞ্জুয়ারার পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে।মঞ্জুয়ারার পারিবারিক সূত্র জানায়, ২০০৫ সালের ২৫ মে রাতে পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের মঞ্জুয়ারা বেগমের (২৪) ওপর একই গ্রামের ফুল মিয়া ও তাঁর সহযোগীরা এসিড ছোড়ে। এতে তাঁর গলা ও বুকের একাংশ ঝলসে যায়।এ ঘটনায় মঞ্জুয়ারার স্বামী আবদুল মজিদ ফুল মিয়াসহ তিনজনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা করেন। গত ২৬ জুলাই জেলা ও দায়রা জজ মামলার রায়ে ফুল মিয়া, তাঁর স্ত্রী সাহেরা বেগম ও ভাই বদি মিয়াকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।মঞ্জুয়ারার স্বামী আবদুুল মজিদ বলেন, ‘রায় হওয়ার পর থেকে আসামির লোকজন ও ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের হত্যার হুমকি দিচ্ছেন।’ মঞ্জুয়ারা বলেন, ‘সন্ত্রাসীরা আমাকে দেখামাত্র মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। ফলে বাড়ি ফিরতে পারছি না। সন্ত্রাসীদের ভয়ে থানায় গিয়ে জিডিও করতে পারছি না।’প্রসঙ্গত, প্রথম আলো এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিল থেকে মঞ্জুয়ারাকে আইনি সহায়তা দেওয়া হয়।