সন্ত্রাসীদের হুমকিতে বাড়ি যেতে পারছে না পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে দাখিল পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে হুমকি দেওয়ার ঘটনায় ১২ দিনেও পুলিশ বখাটে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি। হুমকিতে বাড়ি ফিরতে পারছে না পরিবারটি। মামলা ভিন্ন খাতে নিতে মেয়েটির নামে অপপ্রচার চালানো হচ্ছে।সরেজমিনে গিয়ে গ্রামবাসী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মজম গ্রামের কলেজছাত্র রাব্বি হাওলাদার ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করে। মেয়েটি ২৮ নভেম্বর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করে আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। সন্ত্রাসীদের হুমকির মুখে ১২ দিনেও বাড়ি ফিরতে পারেননি বলে তার মা জানান। হুমকির ঘটনায় রাব্বির চাচা এরশাদ হাওলাদারকে ২৮ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ।মেয়েটির ভাই মামলার বাদী অভিযোগ করেন, রাব্বির সহযোগী ও স্বজনেরা এলাকায় তাঁর বোনের চরিত্র নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং এলাকায় গোপনে লিফলেট বিলি করে।বাড়িতে গেলে রাব্বির চাচা মো. সাইদুর রহমান দাবি করেন, ওই ছাত্রীর দোষ আছে। তবে গ্রামের মো. চান মিয়া (৭০), মো. আলতাফ হোসেন (৫৮) জানান, সন্ত্রাসীরা নিজেদের অপরাধ আড়াল করতে মেয়ের চরিত্র নিয়ে গল্প প্রচার করছে। গ্রামের অনেকে জানান, রাব্বির বখাটেপনায় এলাকার মেয়েরা নিরাপত্তাহীনতায় থাকে। তার সহযোগী সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তার বখাটেপনার হাত থেকে বাঁচতে জিডি করেছে অনেকে।কারফা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘রাব্বি বাহিনী এলাকায় একটি আতঙ্কের নাম। এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। তাদের ভয়ে সাধারণ মানুষ কথা বলে না।’ এসব অভিযোগের ব্যাপারে রাব্বির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার চাচা সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করেন। রাব্বির সহযোগী উজ্জ্বলের মা জানান, তাঁর ছেলে খারাপ ছিল না, সন্ত্রাসী রাব্বির সঙ্গে মিশে ছেলে নষ্ট হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ধামুরা ডিগ্রি কলেজের একাধিক প্রভাষক বলেন, ‘এ নামে কলেজে কোনো ছাত্র আছে কি না, তা আমাদের জানা নেই। তবে সন্ত্রাসী ও বখাটে রাব্বির নাম শুনেছি।’ অধ্যক্ষ এ কে এম ডি ফজলুদ্দোহা বলেন, ‘সাকিল আহম্মেদ রাব্বি নামে কলেজের কোনো ছাত্রকে আমি চিনি না। কাগজপত্র দেখে বলতে হবে।’মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. লু ৎফর রহমান বলেন, মেয়েটির চরিত্র নিয়ে আসামি ও তাদের স্বজনদের অভিযোগের সত্যতা নেই। সন্ত্রাসী ও তার স্বজনেরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি না দেখিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, মেয়েটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।