পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সন্ত্রাসীর কাছে সরকার হার মানবে না। মানা উচিতও নয়। সরকার যদি এদের কাছে আত্মসমর্পণ করে, তবে বিএনপি ক্ষমতায় আসবে, এরপর আওয়ামী লীগ এসে একই কাজ করবে।’ গতকাল দুপুরে রাজধানীর গাবতলী টার্মিনালের যাত্রী বিশ্রামাগারে মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈককে তিনি এ কথা বলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজধানী থেকে উত্তরবঙ্গের পথে পুলিশি পাহারায় দিনে দুবার বাস চালানো হবে। বৈঠকে তিনজন মন্ত্রীও উপস্থিত ছিলেন। তবে টার্মিনালে মন্ত্রীদের অবস্থানকালেই উল্টো পাশে রাস্তায় একটি মিনিবাসে কে বা কারা আগুন দেয়।
গাবতলী টার্মিনালের যাত্রী বিশ্রামাগারে মালিক সমিতির নেতাদের নিয়ে বৈঠক শুরু হয় দুপুর ১২টার দিকে। এতে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, স্থানীয় সাংসদ আসলামুল হক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত একাধিক পরিবহননেতা জানান, বৈঠকে উত্তরবঙ্গের ১৬টি জেলার পরিবহন মালিক-শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন। নৌমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকেরা বাস চালানোর বিষয়ে মালিকদের বক্তব্য জানতে চান। মালিক-শ্রমিকনেতারা বিভিন্ন দাবি তুলে ধরে বাস চালানোর প্রতিশ্রুতি দেন। এরপর পুলিশি পাহারায় উত্তরবঙ্গের পথে সকাল নয়টা ও রাত নয়টায় দুবার যাত্রীবাহী বাস চালানোর সিদ্ধান্ত হয়।
পরিবহন মালিক-শ্রমিকদের দাবি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ পরিশোধ করা। আহত-নিহত শ্রমিকদের পরিবারকেও দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা।
এ দাবির পর আইজিপি বলেন, চালকদের বলতে হবে, তাঁরা যেন একসঙ্গে গাড়ি ছাড়েন। দেরি করে হলেও একসঙ্গে গাড়ি ছাড়তে হবে। ২০টির বেশি গাড়ি এক বহরে রাখা হবে না। তিনি বলেন, মহাসড়কে কোনো ঘটনা ঘটলে ওই এলাকার বিএনপি ও জামায়াতের নেতাদের আসামি করতে হবে। তিনি বলেন, নিরীহ মানুষ মেরে ক্ষমতায় যাবেন, দেশের আইন মানবেন না আর রাজনীতি করবেন, এটা হতে পারে না। সন্ত্রাসীর কাছে সরকার হার মানতে পারে না।
বৈঠকের ব্যাপারে জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী প্রথম আলোকে বলেন, আজ বুধবার থেকেই উত্তরবঙ্গের পথে বাস চলাচল করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় নেতা-কর্মী ও মালিক-শ্রমিক নিরাপত্তা দেবেন। মালিক-শ্রমিকদের দাবি অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে।
বৈঠকের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, মালিক-শ্রমিকেরা তাঁদের দাবি তুলে ধরেছেন। কর্তৃপক্ষও সক্রিয় বিবেচনার আশ্বাস দিয়েছে। সবাই মিলে বাস চালাতে একমত হয়েছেন।
বৈঠক শেষ হয় বিকেল সাড়ে তিনটার দিকে। মসিউর রহমান বক্তৃতা দিয়েই চলে যান। বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারও চলে যান। পরে নৌমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ অতিথিরা সেখানে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় বিকেল চারটার দিকে টার্মিনালের উল্টো দিকে হানিফ পরিবহনের কাউন্টারের সামনে গাবতলী-সদরঘাট পথের একটি লোকাল মিনিবাসে কে বা কারা আগুন দেয়।
মন্ত্রীদের অবস্থানকালে টার্মিনালের কাছে বাসে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে নৌমন্ত্রী বলেন, ‘এটা মনে হয় আমাদেরকে থ্রেট করার জন্য করেছে। আমরা বানড়ের ভেংচিতে ভয় পাই না।’