সন্ত্রাসীর নাম এলেই স্থগিত ব্যাংক হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনের নামে ব্যাংকে লেনদেন হলে তা তাৎক্ষণিক স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ ক্ষেত্রে গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে প্রাধান্য দিতে এবং এসব তথ্য তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউকে জানাতে বলা হয়েছে।
এ ছাড়া ব্যাংকের সব শাখা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইন পরিপালন করছে কি না তা তদন্ত করে অক্টোবরের মধ্যে ব্যাংকগুলোকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর কয়েকটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো নিজেরাই তালিকা প্রস্তুত করে পদক্ষেপ নিতে শুরু করেছে। তালিকায় নাম রয়েছে সাম্প্রতিক নাশকতামূলক কার্যক্রমে পরিকল্পনাকারী, সমন্বয়ক ও অর্থদাতা তামিম আহমেদ চৌধুরী/তামিম চৌধুরী ও মেজর (বরখাস্ত) সৈয়দ মো. জিয়াউল হক/জিয়াউল হক। এ ছাড়া কল্যাণপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ-উল-হক-আশক, আকিফুজ্জামান খান, সাজ্জাদ রউফ অর্ক/শেহজাদ রউফ অর্ক, মতিয়ার রহমান ও জোবায়ের হোসেনের নাম রয়েছে তালিকায়। শোলাকিয়ায় নিহত আবীর রহমান, শফিউল আলম মুকাদিল/শফিউল ইসলাম ওরফে আবু মোকামেল ও গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী রোহান ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের/মীর সাবিহ মোবাশ্বের, নিবরাস ইসলাম/নিব্রাস ইসলাম, তাসিন রওনক আন্দালিভ/আন্দালিব আহমেদ, খায়রুল ইসলাম ওরফে পায়েল, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও সাইফুল ইসলামের নাম রয়েছে তালিকায়।
এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত সন্ত্রাসী বা সংগঠনের নামে ব্যাংকে কোনো হিসাব পাওয়া গেলে তা তাৎক্ষণিক স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর নিজস্ব দক্ষতা গড়ে উঠেছে, কারা সন্ত্রাসী তা বিবেচনা করার। তবে প্রচলিত আইনে যারা সন্ত্রাসী, তারাই এ আইনের আওতায় পড়বে।
জানা গেছে, সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে গত ১৯ ও ২০ জুলাই সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে বৈঠক করে বিএফআইইউ। সেখানে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ স্থানান্তরিত না হয়, সে জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সজাগ থাকার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন ব্যাংকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছ, সন্দেহজনক লেনদেন তথ্য তাৎক্ষণিক পাঠাতে হবে। শাখার বৈদেশিক রেমিট্যান্সসহ অন্যান্য ইনওয়ার্ড ও আউটওয়ার্ড রেমিট্যান্সর ক্ষেত্রে প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করে বিতরণ করতে হবে। এ ছাড়া বেশি পরিমাণ রেমিট্যান্স এলে সঙ্গে সঙ্গে বিতরণ না করে পরিচয় নিশ্চিত করে বিতরণ করতে হবে। এ ছাড়া সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সব বৈদেশিক লেনদেন খতিয়ে দেখতে হবে। আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার করা রোধে সতর্ক থাকতে হবে।