সন্ত্রাসীর নামে চাঁদাবাজি
বিভিন্ন সন্ত্রাসীর নাম দিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন ব্যক্তির কাছে কয়েকটি চক্র টেলিফোনে চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কখনো মোল্লা মাসুদ, কখনো শিবিরের ক্যাডার নাছির, কখনো বা অন্য কোনো সন্ত্রাসীর নাম দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে।
জানা যায়, নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি, সুগন্ধা আবাসিক এলাকা, আসকারদীঘির পাড়, খুলশীসহ বিভিন্ন এলাকার বেশ কিছু ব্যবসায়ী ও বড় চাকরিজীবীর কাছে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে সন্তানদের অপহরণসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে নগরের নাসিরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ব্যবসায়ী এমদাদুল আলমকে ফোন করে চাঁদা দাবি করা হয়। প্রথমে তাঁর বাসার টিঅ্যান্ডটি নম্বরে ফোন করে টিঅ্যান্ডটির প্রকৌশলী পরিচয় দেওয়া হয়। এরপর কৌশলে এমদাদের মুঠোফোন নম্বর চেয়ে নেন ওই ব্যক্তি। এর আধা ঘণ্টা পর তাঁকে মুঠোফোন থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়।
এমদাদুল আলম প্রথম আলোকে বলেন, ‘ফোন করে এক ব্যক্তি বলে, আমি শিবির ক্যাডার নাছিরের সহযোগী। আমি এক সপ্তাহ আগে বিদেশ থেকে এসেছি। আমাদের ছেলেরা খুব সমস্যায় রয়েছে। আমাদের চাঁদা দিতে হবে।’ এমদাদুল বিষয়টি পাঁচলাইশ থানায় জানিয়েছেন। তিনি জানান, এ ব্যাপারে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
সূত্র জানায়, এরপর সন্ধ্যায় একই নম্বর থেকে সন্ত্রাসী মোল্লা মাসুদের লোক পরিচয় দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মনজুর মোরশেদের কাছে চাঁদা দাবি করা হয়। তাঁকে বলা হয়, ‘আমাদের কিছু ছেলে জেলে আছে। আমাদের কিছু আর্থিক সাহায্য করতে হবে।’
কয়েকটি গ্রুপ বড় বড় সন্ত্রাসীর নাম ব্যবহার করে এই কর্মকাণ্ড চালাচ্ছে বলে পুলিশ ধারণা করছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, ‘কিছু কিছু অভিযোগ আমরা পাচ্ছি। নিবন্ধনহীন লাইন ব্যবহার করে এটি করা হয়। বিভিন্ন সন্ত্রাসীর নাম ভাঙিয়ে ছোট কিছু গ্রুপ এটা করে। যাতে মানুষ ভয়ে টাকা দিয়ে দেয়। এ ক্ষেত্রে জনগণকে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করব।’
প্রসঙ্গত, শিবিরের ক্যাডার নাছির ১৯৯৭ সাল থেকে কারাগারে রয়েছেন। মূলত তাঁকে কাশিমপুর কারাগারে রাখা হয়। তাঁর বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে। মাঝেমধ্যে মামলার হাজিরা দেওয়ার জন্য নাছিরকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।
চট্টগ্রাম কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, ‘নাছিরকে মঙ্গলবার এখানে আনা হয়েছে। হাজিরা শেষে আবার পাঠিয়ে দেওয়া হবে। কারাগার থেকে ফোন করার কোনো সুযোগ নেই।’ শুধু নাছির নয়, মোল্লা মাসুদ ও সাজ্জাদসহ বিভিন্নজনের নামে এই চাঁদাবাজি করা হয় বলে জানা গেছে।
নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার ব্যবসায়ী জাবেদ বিন মাহমুদ বলেন, ‘আমার কাছে মোল্লা মাসুদ ও সাজ্জাদের নামে বারবার চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে আমার বাচ্চাকে অপহরণের হুমকি দেওয়া হয়।’ এর আগে গত নভেম্বরে এক কাস্টমস কর্মকর্তা ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দেন বলে জানা গেছে।