সন্ত্রাসীর মামলায় সাক্ষ্য দিতে হাজির হলেন পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাইট্টা আলমগীরসহ দুই শীর্ষ সন্ত্রাসীর মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হলেন পুলিশ কর্মকর্তারা।
গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। ১০ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
৬ নভেম্বর ‘সাক্ষী ১২ পুলিশকে হাজির করা যাচ্ছে না’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, কেউ সমন পেয়ে, কেউ পত্রিকা দেখে সাক্ষ্য দিতে এসেছেন আদালতে। আদালত মামলার সাক্ষী সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম মশিউর রহমান ও সিআইডি চট্টগ্রামের পরিদর্শক ওবায়দুল হোসেনের সাক্ষ্য নেন।
সাক্ষ্যে তাঁরা উল্লেখ করেন, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান অবস্থান করছে খবর পেয়ে নগর ডিবি পুলিশের একটি দল বায়েজীদ বোস্তামী চালিতাতলী এলাকায় অভিযান চালায়। এ সময় সাজ্জাদ তাঁর সহযোগীদের নিয়ে পুলিশদের ওপর পাল্টা গুলিবর্ষণ করে। পরে সাজ্জাদকে গ্রেপ্তার করা হলেও তাঁর অন্য সহযোগী বাইট্টা আলমগীর পালিয়ে যান।
২০০১ সালের ২ অক্টোবর নগরের বায়েজীদ বোস্তামী চালিতাতলী এলাকায় চাঞ্চল্যকর আট ছাত্রলীগ নেতা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান অবস্থান করছে খবর পেয়ে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালায়। ডিবি পুলিশের তৎকালীন এসআই এ কে এম মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। তদন্ত শেষে সাজ্জাদ আলী খান ও বাইট্টা আলমগীরকে অভিযুক্ত করে ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১১ সালের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় থমকে থাকে বিচার।