সন্ত্রাসীরা এ দেশের হলেও বাইরের দ্বারা প্রভাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে সম্প্রতি যেসব সন্ত্রাসী হামলা হয়েছে, তার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা এ দেশের ভেতরে বেড়ে উঠলেও এরা বাইরের শক্তি দ্বারা প্রভাবিত।
গতকাল সোমবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন রাষ্ট্রদূত আরেক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে ও বড় হয়েছে কিংবা অভিবাসনের পর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। এখানের ক্ষেত্রেও এটি সত্যি। এখানে সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে মনে হচ্ছে। তার মানে সন্ত্রাসবাদ কি আমাদের দেশগুলোতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? তা কিন্তু নয়। এর মানে হচ্ছে কোনো কিছু তাদের প্রভাবিত করছে। হামলাগুলোর প্রসঙ্গ টেনে লোকজন আমাকে বলছেন এটাই বাংলাদেশ নয়। আমিও সেটা বিশ্বাস করি।’
যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দখলের ইচ্ছা নেই বলে তাঁর সাম্প্রতিক এক মন্তব্যের ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ নিয়ে মার্শা বার্নিকাট বলেন, ‘সহযোগিতার প্রস্তাব দেওয়ার পর যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে বিভিন্ন সময় আপনাদের কর্মকর্তাদের প্রতিক্রিয়া শুনে এবং গণমাধ্যমে খবরের প্রতিক্রিয়ায় আমি সেটা বলেছি। আমি বলার চেষ্টা করেছি, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। কাজেই কোনো দেশ একা এই সমস্যা মোকাবিলা করতে চাইলে কঠিন পরিস্থিতির মুখে পড়বে। কাজেই একসঙ্গে কাজ করলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যাঁরা আমাদের চেষ্টার সমালোচনা করছেন এবং মনে করছেন আমরা বাংলাদেশ দখলের মতো কোনো কুমতলব করছি কিংবা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই, তাঁদের সবাইকে আশ্বস্ত করে বলছি, আমাদের লক্ষ্য ঠিক তার উল্টো। একটি শক্তিশালী, স্থিতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্যই নয়, বিশ্বের জন্যও মঙ্গল।’
স্ট্রং সিটিজ নেটওয়ার্ক নামের একটি সংস্থায় যোগ দিতে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে আমন্ত্রণ জানান। ওই নেটওয়ার্কে যুক্ত বিশ্বের বিভিন্ন নগর কর্তৃপক্ষ তাদের এলাকাকে নিরাপদ রাখতে, বিশেষ করে উগ্রপন্থা দমনে একসঙ্গে কাজ করে।
শহীদুল-বার্নিকাট বৈঠক আজ: সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আজ মঙ্গলবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে পর্যালোচনায় বসছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ আলোচনার কথা রয়েছে।