সন্ত্রাসীরা কেটে দিল কবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভারী কোনো কাজ করতে পারতেন না। রাস্তার পাশে সেলুন দিয়ে সংসার চালাতেন। স্ত্রীকে নিয়ে ভালোই ছিলেন। গত সোমবার সন্ত্রাসীরা সেলুনে হামলা চালিয়ে তাঁর বাঁ হাতের কবজি কেটে দিয়েছে। এতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ভীষণ সমস্যায় পড়েছেন।
এ ঘটনা জয়পুরহাটের সদর উপজেলার তেঘরবিষা গ্রামের। ওই প্রতিবন্ধীর নাম হাতেম আলী (৪০)। তিনি এখন জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসী জানান, তেঘরবিষা গ্রামের চারমাথা বাজারে হাতেম আলীর একটি সেলুন আছে। সেলুনে কাজ করে যে টাকা পেতেন, তা দিয়ে সংসার চালাতেন। সোমবার বিকেল পাঁচটার দিকে ১০-১২ জন সন্ত্রাসী হাঁসুয়া, দা, ছুরি ও চাকু নিয়ে তাঁর দোকানে হামলা চালায়। এ সময় তারা কুপিয়ে তাঁর বাঁ হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। এ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ইমাম গাজীউল হক জানান, হাতেম আলীর বাঁ হাতের কবজির সঙ্গে সামান্য একটু চামড়া লেগে ছিল। তাই কোনোভাবেই জোড়া দেওয়া সম্ভব না হওয়ায় কবজি কেটে ফেলা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন হাতেম আলী বলেন, ‘পোলিও হয়ে ছোটবেলায়ই স্বাভাবিকভাবে চলাফেরা করার শক্তি হারাই। বাধ্য হয়ে সেলুনে চুল কাটার কাজ করতাম। সোমবার অপরিচিত ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার বাঁ হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলে ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। কারা কেন করেছে তা বলতে পারছি না। দুই মেয়েকে বিয়ে দিয়েছি। এখন স্ত্রীকে নিয়ে কীভাবে সংসার চালাব, তা জানি না।’
সদর থানার ওসি আবদুর রশিদ জানান, ঘটনার পর তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু এ ব্যাপারে কেউ মুখ খুলছে না।