সন্ত্রাসীরা কৌশল পরিবর্তন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে সশস্ত্র সন্ত্রাসীরা কৌশল পরিবর্তন করেছে। যে কারণে ভোট গ্রহণের সময় প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে প্রাণহানি বেশি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৬৩৯টি ইউপির নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
কমিশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সিইসি বলেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন কিছু ব্যবস্থা নিয়েছে। যে কারণে আশা করা যায় পরের ধাপের নির্বাচনগুলো আরও সুষ্ঠু হবে।
প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছে দাবি করে সিইসি বলেন, ‘নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা সার্বিক অর্জনকে ম্লান করে দিয়েছে। কেরানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। ভোলায় এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে। এর বাইরে আরও দু-চার-পাঁচজন মারা গেছেন বলে শুনেছি। যেসব জায়গায় অনিয়ম হয়েছে সেখানে কমিশন ব্যবস্থা নিয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির অভিযোগ সম্পর্কে কাজী রকিবউদ্দীন বলেন, বিএনপির কিছু কিছু অভিযোগ কমিশন ইতিমধ্যে গ্রহণ করেছে। যে কারণে প্রথম ধাপের মতো এবার আর রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেনি।