সন্ত্রাসীরা গাজীপুরকে নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ঢেউ গাজীপুরেও লেগেছে৷ সন্ত্রাসীরা গাজীপুরকে নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে৷ নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর তাঁদের গাড়ি এখানে পাওয়া গেছে৷ একের পর এক লাশ পাওয়া যাচ্ছে এখানে৷
গতকাল রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন৷ সভায় গাজীপুরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ-বাণিজ্য নিয়ে সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন এবং অবৈধ গ্যাস-সংযোগ বন্ধ করার দাবি জানান৷ জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন৷
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান জানান, নারায়ণগঞ্জের ঢেউ গাজীপুরেও লেগেছে৷ সন্ত্রাসীরা গাজীপুরকে নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে৷ নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর তাঁদের গাড়ি এখানে পাওয়া গেছে৷ গাজীপুরকে বিশেষ জেলায় রূপান্তরিত করা হলেও এখানে বিশেষ কিছুই হচ্ছে না৷ কালিয়াকৈরে দুই ভাইকে অপহরণসহ বেশ কয়েকটি ঘটনায় অপহৃত ব্যক্তি উদ্ধার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷
সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস এম মজিবুর রহমান জানান, গাজীপুরে একসময় জঙ্গিবাদের ঘটনা ঘটেছে৷ এখন খুন, গুম ও লাশ ফেলে যাওয়ার ঘটনা ঘটছে৷ এত লাশ ফেলে যাওয়ার ঘটনা আমাদের উদ্বিগ্ন করে তোলে৷ সাম্প্রতিক সময়ে গাজীপুরে ছিনতাই বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ভোগড়া, চান্দনা চৌরাস্তা এলাকায় বেশি হচ্ছে৷
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, গাজীপুরে অনেক নীরব অপরাধ চলছে৷ কাউকে এক মামলায় গ্রেপ্তার করে ১০ বছর আগের কোনো ডাকাতি মামলায় দেওয়া হচ্ছে৷ সেগুলো পুলিশকে বন্ধ করতে হবে৷
সভায় গাজীপুর সিটি করপোরেশনের আবর্জনা ব্যবস্থাপনা, ভাঙাচোরা রাস্তাসহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ করা হয়৷ কিন্তু সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা সভায় উপস্থিত না থাকায় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন৷
গ্যাসের অবৈধ সংযোগ প্রসঙ্গে সভায় তিতাসের চন্দ্রা অঞ্চলের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, অবৈধ গ্যাস-সংযোগ বন্ধ করতে অভিযান চালানো হচ্ছে৷
সভায় গাজীপুরে নবগঠিত অ্যান্টিকিডন্যাপিং েস্কায়াডের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গাজীপুরে অপরাধ হচ্ছে৷ মামলাও হচ্ছে৷ আবার পুলিশ সেসব ঘটনায় যথাযথ ব্যবস্থাও নিচ্ছে৷ গত তিন মাসে গাজীপুরে ২৯টি অপহরণের ঘটনা ঘটেছে, যার সবগুলোতেই উদ্ধারের ঘটনা আছে৷ বেশ কয়েকটি ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ তবে পুলিশ তাদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে৷
জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম সভার আলোচ্য বিষয় ও যেসব সমস্যা তুলে ধরা হয়েছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে যথাযথ ব্যবস্থা নিতে বলেন৷