সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে দোকানিকে কুপিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক লাখ টাকা চাঁদা না পেয়ে এক দোকানিকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত রোববার রাতে লালখান বাজারের মতিঝরনা এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দোকানির নাম কামাল হোসেন (৩৭)। তিনি প্রসাধনসামগ্রীর ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে একটি চায়ের দোকানের সামনে হামলাকারীরা কামালকে কাটা বন্দুক, কিরিচ ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁকে এলাকার লোকজন রক্ষা করতে এগিয়ে আসার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁদের গুলি করে হত্যার হুমকি দেয়। এ কারণে কেউ কামালের দিকে এগিয়ে যাওয়ার সাহস পায়নি। কামালের পারিবারিক সূত্র জানায়, লালখান বাজারের সরকার সমর্থক চিহ্নিত সন্ত্রাসীরা মাস তিনেক আগে কামালের মায়ের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তাঁদের ওপর সন্ত্রাসীরা চাপ সৃষ্টি করলে কামালের বাবা মোহাম্মদ বেলাল বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। গত রোববার হামলার আগে কামালের বাড়িতে একাধিকবার হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত কামাল হাসপাতালের বিছানায় শুয়ে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘লালখান বাজারের চিহ্নিত সন্ত্রাসী ইউনুস, দেলু, রাহাত, স্বপন ও আকবরসহ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলে। তাঁদের হাতে কাটা বন্দুক, কিরিচ ও চাইনিজ কুড়াল ছিল। কিছু বলার আগেই সন্ত্রাসীরা আমাকে কাটা বন্দুক দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে চাইনিজ কুড়াল ও কিরিচ দিয়ে আমাকে কোপাতে থাকে। এলাকার লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে তাঁদের গুলি করে হত্যার হুমকি দেয়।’ কামালের বাবা বেলাল জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।