সন্ত্রাসীরা ভেঙে দিল যুবলীগ নেতার হাত-পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল সন্ত্রাসী শনিবার বরিশালের উজিরপুরে যুবলীগের এক নেতার হাত ও পা ভেঙে দিয়েছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে আওয়ামী লীগের এক নেতা সন্ত্রাসীদের দিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই যুবলীগ নেতার নাম খায়রুল বাশার। তিনি উজিরপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক। খায়রুল বাশার অভিযোগ করেন, শনিবার বিকেলে তিনি রাজাপুর থেকে সাতলা বন্দরের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসছিলেন। বাজারের কাছে পৌঁছার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. খালেক আজাদের ভাতিজা মামুন মিয়াসহ সাত-আটজন তাঁকে পেটায় এবং তাঁর একটি হাত ও একটি পা ভেঙে দেয়। পরে এলাকাবাসী তাঁকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় তিনি শনিবারই মামুন মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে উজিরপুর থানায় মামলা করেছেন। খায়রুল বাশার আরও অভিযোগ করেন, ‘খালেক আজাদের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার ওপর হামলা চালিয়েছে।’ আ. খালেক আজাদ বলেন, ‘বিষয়টির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’