মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সন্ত্রাসীরা মারা গেলে মানবাধিকার সংগঠনগুলো শুধু তাদের পক্ষ নেয়। কিন্তু কোনো পুলিশ মারা গেলে তাদের পক্ষে তারা কোনো কথা বলে না।গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্রাব) বার্ষিক সাধারণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সাহারা খাতুন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। অনেকেই জীবন দিয়েছেন, অনেকেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় পুলিশ বাহিনীর ১০ জন সদস্য নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো তো তাদের পক্ষে কথা বলেনি।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যত ভালো কাজই করি না কেন, সাংবাদিকদের কাছ থেকে তার জন্য খুব কমই ধন্যবাদ পেয়ে থাকি। প্রতিবেদনে ভুলভ্রান্তি থাকলে আমরা কষ্ট পাই। কিন্তু গত দুই বছরে ভুল প্রতিবেদনের জন্য অনেকে আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।’ বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার পুলিশ ও সাংবাদিকদের মধ্যকার সম্পর্ককে ‘পেশাগত সম্পর্কের ঊর্ধ্বে’ উল্লেখ করে বলেন, ‘আমাদের ব্যর্থতার পাশাপাশি সফলতাও আছে। আপনারা পুলিশের সফলতার সমর্থন দেবেন, আর ব্যর্থতার সমালোচনা করবেন।’ দেশে ইনস্টিটিউট অব ক্রিমিনলজি প্রতিষ্ঠার চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি জানান। অনুষ্ঠানে ক্রাবের পক্ষ থেকে অপরাধবিষয়ক প্রতিবেদকদের জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা, কল্যাণ তহবিল গঠন, আবাসনের জন্য সরকারি খাসজমি বরাদ্দ দেওয়াসহ বিভিন্ন সুযোগের দাবি জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এসব দাবি পূরণের আশ্বাস দেন। ক্রাবের সভাপতি আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।