সন্ত্রাসের উৎস অনুসন্ধানে তাগিদ গণমাধ্যমকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ মোকাবিলায় গণমাধ্যম সাহসী ভূমিকা পালন না করলে এ ক্ষত সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করত। তবে এই আত্মতুষ্টি নিয়ে বসে না থেকে গণমাধ্যমকে আরও বেশি সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সন্ত্রাসবাদের উৎস অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশের ওপর জোর দিতে হবে।

গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সেমিনার কক্ষে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সাপ্তাহিক একতার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই বৈঠক হয়।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রগতিশীল চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমকে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। কেননা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমই মানুষের মনোজাগতিক চেতনাকে প্রসারিত করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘সংবাদমাধ্যমের ভূমিকা আমরা ঠিকমতো না বুঝলেও আইএস বা উগ্রবাদী সংগঠনগুলো তা বোঝে। তারা গণমাধ্যমকে ব্যবহার করে তাদের চেতনা ছড়িয়ে দিচ্ছে। আমরা যদি তা প্রতিরোধ করতে না পারি, দক্ষতা বৃদ্ধি করতে না পারি, তবে টিকব কীভাবে?’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে গণমাধ্যমকে এর সামগ্রিক বিষয়গুলো তুলে ধরতে হবে। এই চেতনাটা কারা ছড়ায়, কীভাবে ছড়ায়, বিচার হলে কারা বাধা দেয়, তা লক্ষ রাখতে হবে। তিনি বলেন, কেন একটি ছেলে বা মেয়ের মধ্যে হঠাৎ এ ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে আরও অনুসন্ধান দরকার।

মূল প্রবন্ধে সাংবাদিক মাহবুব আলম সন্ত্রাসবাদের উৎস অনুসন্ধান করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

সাপ্তাহিক একতার সম্পাদক এ এন রাশেদার সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক আতাউর রহমান, আজাদ হোসেন, বাকি বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।