সন্ত্রাসের কাছে মাথা নত করে কোনো সংলাপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতাদের কাছে মাথা নত করে কোনো সংলাপ হতে পারে না। আগে সরকারকে এই সন্ত্রাসীদের দমন করতে হবে। তারপর রাজনীতি বা অন্য কোনো ইস্যুতে আলোচনা শুরু হতে পারে।
গতকাল শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রিজিওনাল অ্যান্টি-টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট (রাত্রি) আয়োজিত ‘সহিংসতা জঙ্গিবাদ সংলাপ ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা এ কথা বলেন।
তবে পেশাজীবীদের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সেখানে উপস্থিত বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। তাঁদের মতে, বর্তমান সংকট রাজনৈতিক। এর সমাধানও রাজনৈতিকভাবেই হওয়া উচিত। এ জন্য সংলাপ অত্যন্ত জরুরি। সংলাপের বিকল্প ভাবতে গেলে তা শুভ ফল বয়ে আনবে না।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাত্রির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার। তিনি বলেন, ‘কিছু মৌলিক প্রশ্নের মীমাংসাকে পাশ কাটিয়ে বা উপেক্ষা করে আপাত-ইস্যুতে সংলাপ কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।’ তিনি প্রশ্ন তুলে আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আদর্শগত ছাড় দেওয়ার কোনো জায়গা আছে কি? কিংবা যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে বিএনপির নেতিবাচক অবস্থান এবং জামায়াত ও ধর্মান্ধ দলগুলোর সঙ্গে তাদের সম্পর্কের কারণে, সংলাপ কি দীর্ঘ মেয়াদে কোনো সুফল বয়ে আনবে?’
আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, আগে সন্ত্রাসী দমন করতে হবে, তারপর সংলাপ হতে পারে। তিনি বলেন, ‘পাকিস্তানের নওয়াজ শরিফের সরকার তালেবানের সঙ্গে আলোচনা করেছে। এর ফল হয়েছে—একটি স্কুলে তালেবানের হামলা। এখন নওয়াজ বুঝতে পেরেছেন, তালেবানদের মৃত্যুদণ্ড দিতে হবে, আলোচনা নয়।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গণতান্ত্রিক দেশে সংলাপের কোনো বিকল্প নেই। কিন্তু সন্ত্রাসের কাছে মাথা নত করে সংলাপ করা যায় না।
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, বিএনপি একটি বড় দল। তাদের বাইরে রেখে নির্বাচন হওয়ায় দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এই ক্ষোভ দূর না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে না। এ জন্য আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন নিয়ে একটি সমাধানে পৌঁছাতে হবে।
বিএনপির সাবেক সাংসদ শহিদুল হক জামাল বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটা সত্য। তবে তাঁকে আরও উদার মন নিয়ে এগিয়ে এসে সংকটের সমাধান করতে হবে।’ তিনি আরও বলেন, পেট্রলবোমা কখনো গণতন্ত্রের হাতিয়ার হতে পারে না। গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিএনপির সাবেক সাংসদ আখতারুজ্জামান, আবু হেনা, সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।