‘সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নাগরিক সংলাপ’ শীর্ষক এক আলোচনায় মানুষের জানমাল রক্ষায় রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। সন্ত্রাসের কাছে মাথা নত করে সংলাপের প্রয়োজন নেই বলে মত দেন তাঁরা। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এ সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ।
আলোচনায় বক্তারা সাম্প্রতিক আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন, ৫ জানুয়ারির নির্বাচন এ আন্দোলনের কারণ নয়। এর পেছনে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের রক্ষার উদ্দেশ্য জড়িত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নাশকতা ও সন্ত্রাসের বিকল্প হিসেবে যাঁরা সংলাপকে আনতে চাচ্ছেন, তাঁরা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছেন। সন্ত্রাসের বিকল্প সংলাপ হতে পারে না। সন্ত্রাসের বিকল্প সন্ত্রাস দমন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, সরকারের দায়িত্ব জনগণকে সুরক্ষা দেওয়া। অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে আব্রাহাম লিংকনের মতো ‘রাষ্ট্রের একনায়কতন্ত্র কায়েমের’ আহ্বান জানান তিনি।
সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার সাদেকা হালিম, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, নারীনেত্রী রোকেয়া কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া রহমান, নির্বাচন পর্যবেক্ষক জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ।