সন্ত্রাসের জনপদে আজ শান্তির আশায় ভোট

ভোটারদের প্রত্যাশার কারণে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণার ধরন ছিল ভিন্ন। উন্নয়নের প্রতিশ্রুতির চেয়ে ভোটারদের কাছে নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করাই ছিল প্রার্থীদের প্রধান ওয়াদা। সম্প্রতি সাত খুনের ঘটনা এবং এর আগে মেধাবী ছাত্র ত্বকী হত্যার কারণে এই নির্বাচনে সন্ত্রাস প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ভোটার ও স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকেরা বলছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো আজ বৃহস্পতিবার এ নির্বাচনেও শান্তির আশায় নিজেদের রায় জানাবেন সাধারণ ভোটাররা৷
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশন দাবি করছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
অবশ্য নারায়ণগঞ্জ ‘সন্ত্রাসের জনপদে’ পরিণত হওয়ার জন্য যে পরিবারকে প্রধানত দায়ী মনে করা হয়, সে পরিবারের এক সদস্য এ নির্বাচনে প্রার্থী৷ এ নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। সাত খুন আর ত্বকী হত্যার ঘটনায়ও ওই পরিবারের সদস্যদের নাম আলোচনায় এসেছে।
এর মধ্যে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের একটি বক্তৃতার অডিও রেকর্ড ফাঁস হয়েছে। তাতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে৷ রুদ্ধদ্বার কর্মিসভায় ওই বক্তৃতায় শামীম ওসমান বলেছেন, ‘নির্বাচন করার জন্য যা কিছু করা দরকার, তা-ই করব। বিএনপির লগে যদি লাইন করতে পারি, তবে তাই করব।...দুই টাকার জায়গায় চার টাকা খরচ করবেন। যা লাগে আমি বুঝমু। যা করতে হয় তা করমু।... আর নির্বাচনের দিন আমার নির্বাচনী এলাকা থেকে ২০ থেকে ২৫ হাজার লোক আপনাদের এলাকায় আসবে নির্বাচন করার জন্য। দরকার হলে ৫০ হাজার পাঠামু। আর একটু বেশি দরকার হলে এক লাখ পাঠামু।’ শামীম ওসমান পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ৷
শামীম ওসমানের ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান গত ২৯ এপ্রিল মারা গেলে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন শূন্য হয়। এখন আসনটিতে তাঁদের আরেক ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নে প্রার্থী (লাঙ্গল প্রতীক) হয়েছেন। আওয়ামী লীগ এখানে কোনো প্রার্থী দেয়নি৷ এই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম স্বতন্ত্র প্রার্থী (প্রতীক আনারস) হয়েছেন৷
অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভোটের দিন শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও আনসারের পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কেবল র্যাবেরই এক হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। গতকাল থেকেই শহরে টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কর্মকর্তারা দাবি করছেন, কোনো গডফাদার বা তাদের সন্ত্রাসী বাহিনীর কেউ সুবিধা করতে পারবে না। ইতিমধ্যে এজাতীয় ব্যক্তিদের তালিকা করে নজরদারিও শুরু করা হয়েছে।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। ব্যাপকসংখ্যক ভোটারের উপস্থিতিতে একটি অবাধ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে যেভাবে ব্যাপকসংখ্যক ভোটার উপস্থিতি ছিল, আজকের নির্বাচনেও তেমনটি হবে বলে তাঁর প্রত্যাশা।
২০১১ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ বিতর্কিত শামীম ওসমানকে সমর্থন দেওয়ায় এস এম আকরাম দল থেকে পদত্যাগ করেন। ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমানের বিপরীতে প্রার্থী হওয়ায় উচ্চশিক্ষিত এস এম আকরামকে ইতিমধ্যে নাগরিক সমাজসহ অরাজনৈতিক বিভিন্ন সংগঠন সমর্থন দিয়েছে। নির্বাচনের হলফনামায় সেলিম ওসমান লিখেছেন, তাঁর বিরুদ্ধে পাঁচটি ফৌজদারি মামলা ছিল। এস এম আকরামের বিরুদ্ধে কখনো কোনো মামলা ছিল না বলে তাঁর হলফনামায় উল্লেখ আছে।
এ নির্বাচনে আরও দুজন প্রার্থী আছেন। তাঁরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল মজিদ। অবশ্য এ দুজনের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।
এস এম আকরাম প্রথম আলোকে বলেন, তাঁর বিশ্বাস, শান্তিপূর্ণভাবে ভোট হবে। জনগণের আকাঙ্ক্ষার জয় হবে। তিনি সব ভোটারকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান। ভোটকেন্দ্রে ভোটারদের আসার আহ্বান জানিয়েছেন সেলিম ওসমানও।
আগ্রহ বেড়েছে ভোটারদের: নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, উপনির্বাচন নিয়ে সাধারণত ভোটারদের আগ্রহ থাকে কম। তবে নারায়ণগঞ্জের প্রেক্ষাপট ভিন্ন। এখানে একজন প্রার্থী সন্ত্রাসী, গডফাদারদের পক্ষে; আরেকজন প্রার্থী শান্তির পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এখন ভোটাররা সিদ্ধান্ত নেবেন, তাঁরা কোন পক্ষে যাবেন।
সন্ত্রাসীদের হাতে নিহত মেধাবী ছাত্র ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিও সন্ত্রাসীদের ভোট না দেওয়ার জন্য ইতিপূর্বে প্রচার চালিয়েছেন। এমন প্রচার চালানোর সময় পুলিশের উপস্থিতিতে তাঁদের ওপর হামলাও হয়েছে।
নগরের খানপুর এলাকার বাসিন্দা শফিউর রহমান বলেন, ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাসের বিরুদ্ধে ভোটাররা নীরবে ব্যালট-বিপ্লব ঘটিয়েছেন। সেই নির্বাচনের মতো শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে এ উপনির্বাচনেরও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে।
স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক বললেন, এর আগে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচিত করে বিতর্কিত একটি পরিবারের কবজা থেকে বের হওয়ার পথে এখানকার মানুষ অনেকটা এগিয়েছে। এবারও আকরামকে জিতিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যালট-বিপ্লব ঘটাবে মানুষ।
র্যাব ও পুলিশের প্রস্তুতি: র্যাবের প্রস্তুতি নিয়ে গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন র্যাব সদর দপ্তরের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) হাবিবুর রহমান। তিনি জানান, র্যাব-১১-এর নেতৃত্বে সহস্রাধিক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে র্যাবের তৎপরতা শুরু হয়েছে। চলবে ভোটের পরদিন পর্যন্ত।
হাবিবুর রহমান জানান, উপনির্বাচনকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী র্যাব ভ্রাম্যমাণ ও সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে র্যাবের নজরদারি শুরু হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং ভোট প্রদান শেষে বাড়ি ফিরে যেতে পারেন, র্যাব সেই নিশ্চয়তা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর অধিনায়ক মো. আনোয়ার লতিফ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোটের দিন নির্বাচনী এলাকায় বাইরের লোক আনার বিষয়ে স্থানীয় একজন জনপ্রতিনিধির অডিও ফাঁসের বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে হাবিবুর রহমান বলেন, ভোটের দিন নির্বাচনী এলাকায় বাইরে থেকে লোক আনা আচরণবিধির লঙ্ঘন। কেউ আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব ছাড়াও ১৪১টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় দুজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এক হাজার ৫৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ভোট চলাকালে ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকবেন।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৩১১ এবং মহিলা এক লাখ ৬৮ হাজার ৯৪ জন। মোট ভোটকেন্দ্রের মধ্যে বন্দর উপজেলায় ৮৯টি এবং নারায়ণগঞ্জ সদরে ৫২টি।