সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রধান শিক্ষক খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোকাদ্দেস আলী
মোকাদ্দেস আলী

পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় আনোয়ারা কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী ওরফে মখলুকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। গত রোববার রাতে হাটুরিয়া পূর্বপাড়া গ্রামে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। চাঁদাবাজি-সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে তাঁকে প্রাণ দিতে হলো বলে পরিবার দাবি করছে।
এদিকে কুষ্টিয়ার মিরপুরে মামুন গাজী (৩৫) নামে যুবলীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মোকাদ্দেস আলীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের মানিক হোসেন (২৮) ও মাজেম মোল্লা (৫৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্ণ তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’
পরিবার ও এলাকাবাসীর কেউ কেউ জানান, গত বছরের ২৬ সেপ্টেম্বর মোকাদ্দেস আলীকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। গুলিবিদ্ধ হয়ে বেশ কিছু দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় তাঁর বড় ভাই সাত্তার মোল্লা বাদী হয়ে হাটুরিয়া গ্রামের ইজ্জত আলী (৩৫), ফজর আলী (৩২), তারেকসহ (২০) ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
বেড়া মডেল থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘ওই মামলার বেশির ভাগ আসামির নামেই হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।’ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে চড়ে দুজন সঙ্গীসহ বাড়ি ফিরছিলেন মোকাদ্দেস আলী। বাড়ির কাছাকাছি আসামাত্র ইজ্জত আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা মোটরসাইকেলটি থামায়। একপর্যায়ে মোকাদ্দেস আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় তাঁর সঙ্গী হযরত আলীও আহত হন। তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর মোকাদ্দেস আলীকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, মোকাদ্দেস আলী ঢাকায় শিক্ষকতা করতেন। বছর তিনেক আগে তিনি গ্রামের বাড়িতে এসে আনোয়ারা কাদের বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগ দেন। মোকাদ্দেস আলীর ভাই সাত্তার মোল্লা বলেন, ‘এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাস বেড়ে গেলে মখলু (মোকাদ্দেস আলী) এর বিরুদ্ধে অবস্থান নেন। কয়েক দিন আগেও কয়েকটি দোকানে ও একটি হিন্দু বাড়ির বিয়ের অনুষ্ঠানে ইজ্জত আলী ও তাঁর লোকজন চাঁদা দাবি করলে মখলু লোকজন নিয়ে এর প্রতিবাদ জানান। এসব কারণেই আমার ভাইকে জীবন দিতে হলো।’
এদিকে কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়িতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মামুন গাজীকে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই রাতে মামুন গাজী নির্মাণাধীন দরজা-জানালাবিহীন ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। দেড়টার দিকে তাঁর স্ত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে দেখতে পান, মামুনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মিরপুর থানার পুলিশ পরদিন গতকাল সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।