সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গোলিয়ার উলানবাটোরে আসেম সম্মেলনের ফাঁকে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর সঙ্গে বৈঠক করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গোলিয়ার উলানবাটোরে আসেম সম্মেলনের ফাঁকে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর সঙ্গে বৈঠক করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দুই মহাদেশের জনগণের স্বার্থে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে এশিয়া-ইউরোপ সম্মেলন (আসেম) শেষ হয়েছে। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে গতকাল শনিবার সম্মেলনের শেষ দিনে গৃহীত ঘোষণাপত্রে আসেমের নেতারা এই অঙ্গীকার করেন।
দুই দিনের এই সম্মেলনে যোগ দিয়ে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসেমের ঘোষণায় বলা হয়, টেকসই শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে একুশ শতকে বৈশ্বিক অবস্থান ঠিক করতে আসেম অব্যাহতভাবে একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হবে।
ঘোষণায় আসেমের নেতারা বর্তমান ও পরবর্তী প্রজন্মের জন্য সুখী ও সমৃদ্ধিশালী শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সুন্দর ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
সম্মেলনের সমাপনী অধিবেশনে আসেম সদস্যভুক্ত দেশের নেতাদের পাশাপাশি ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রধানেরা এ ঘোষণাপত্র প্রণয়ন করেন। ‘টোয়েন্টি ইয়ারস অব আসেম: পার্টনারশিপ ফর ই-ফিউচার থ্রো কানেকটিভিটি’ প্রতিপাদ্য নিয়ে উলানবাটোরের শাংরি-লা হোটেলে দুই দিনব্যাপী একাদশ আসেম সম্মেলন অনুষ্ঠিত হয়।

১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩টি দেশের প্রধানমন্ত্রী, ১৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের সভাপতিগণ এবং আসিয়ানের সেক্রেটারি জেনারেল এই সম্মেলনে অংশ নেন। এটি এ পর্যন্ত মঙ্গোলিয়ায় আয়োজিত সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক অনুষ্ঠান।

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার: সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন আসেম নেতারা। তাঁরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সব সময় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক বৈঠকে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাখিয়াজিন এলবেগদোর্জ, মিয়ানমারের প্রেসিডেন্ট থিন খিও, ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এ অঙ্গীকার ব্যক্ত করেন। পররাষ্ট্রসচিব এম শহিদুল হক সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রসচিব বলেন, জার্মান চ্যান্সেলর সন্ত্রাস দমনে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে জানতে চান এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তাঁর সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।

শেখ হাসিনা ও ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাস দমনে কার্যকর পদ‌ক্ষেপ নিয়ে আলোচনা হয়। তাঁরা বিভিন্ন সেক্টরে বিশেষ করে যৌথ প্রকল্প বাস্তবায়নে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট বৈঠকে জানতে আগ্রহ প্রকাশ করলে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং ১৯৯৬ সালে শান্তি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, উলানবাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের সভাপতি জঁ ক্লদ জাঙ্কারের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: একাদশ আসেম সম্মেলন উপলক্ষে মঙ্গোলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী দুটি পূর্ণাঙ্গ অধিবেশনসহ আসেম সম্মেলনের উদ্বোধনী, সমাপনী ও অন্য অধিবেশনগুলোতে যোগদান করেন। সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

আজ সংবাদ সম্মেলন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মঙ্গোলিয়া সফরের ব্যাপারে আজ রোববার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল চারটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।