সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওআইসির মহাসচিব আইয়াদ আমিন মাদানি l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওআইসির মহাসচিব আইয়াদ আমিন মাদানি l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও অভিন্ন অবস্থান নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সফররত মহাসচিব আইয়াদ আমিন মাদানি গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিন দিনের সফরের দ্বিতীয় দিনে ওআইসি মহাসচিব প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
ওআইসিকে ভবিষ্যতে আরও সক্রিয় ও বহুমাত্রিক সংস্থায় রূপ দিতে বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন মহাসচিব। এসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর মতামত চান।
মুসলিম দেশগুলোতে সন্ত্রাসীদের কিছু তৎপরতার সুযোগ নিয়ে অন্যরা এ থেকে সুবিধা নিচ্ছে বলে প্রধানমন্ত্রী ওআইসি মহাসচিবকে বলেন।
‘ইসলাম শান্তির ধর্ম, যা আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়’—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুসলিম দেশগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সৌদি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলাম এ ধরনের ঘৃণ্য কার্যক্রম কখনোই সমর্থন দেয় না।
প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন।
শিক্ষা খাতে ওআইসির ভূমিকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর প্রধানমন্ত্রী জোর দেন। তিনি বলেন, বাংলাদেশে বিজ্ঞান ও আইসিটিভিত্তিক শিক্ষার উন্নয়নে তাঁর সরকার বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।
ওআইসি মহাসচিব বলেন, সংস্থার মূল দর্শন হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি গড়ে তোলা। বাংলাদেশ সব সময়ই ওআইসির কার্যক্রমের পুরোভাগে রয়েছে এবং যথাযথ ভূমিকা পালন করছে।
ওআইসি মহাসচিব ২০১৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আসন্ন ওআইসি শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
জাপান আরও বিনিয়োগে আগ্রহী: বাসস জানায়, বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও উপযোগী পরিবেশের কথা বিবেচনা করে তাঁর দেশের অনেক বিনিয়োগকারী এ দেশে বিনিয়োগে খুবই আগ্রহী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাসস জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি ইন ইয়ং। প্রধানমন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রদূতের চার বছরের প্রশংসনীয় কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানান।