সন্ত্রাসের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ত্বকী হত্যায় রাষ্ট্রের উদাসীনতা গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে একাধিক বক্তা বলেছেন, ত্বকী হত্যাকাণ্ড সামান্য ঘটনা নয়, এটা গোটা বাংলাদেশের ছবি। ত্বকীকে প্রতীকী চরিত্র ধরে সন্ত্রাসের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে, নারায়ণগঞ্জ থেকে এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিলে লিখিত বক্তব্যে বলা হয়, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার আট মাস পার হলেও মূল অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। র‌্যাব-১১ নারায়ণগঞ্জে ওসমান পরিবারের একটি নির্যাতনকেন্দ্র থেকে হত্যা ও নির্যাতনের আলামত সংগ্রহ করলেও এ নির্যাতনকেন্দ্র পরিচালনকারীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বৈঠকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি এ ধরনের সমাবেশে এলে ত্বকীর আর্তনাদ শুনতে পাই, দেশের ১৬ কোটি মানুষের মনুষ্যত্বের আর্তনাদ শুনতে পাই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন পরাজিত হলে আমাদের বাঁচার অধিকার ও মনুষ্যত্ব পরাজিত হবে।’
বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী বলেন, ত্বকীকে প্রতীকী চরিত্র ধরে সন্ত্রাসের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে, নারায়ণগঞ্জে সীমাবদ্ধ না থেকে সারা দেশে ছড়িয়ে পড়তে হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, সন্ত্রাসকে যারা অনুমোদন দেয়, যারা সন্ত্রাসকে সমর্থন করে, ত্বকী হত্যাকাণ্ডের তদন্তে তাঁদের কালো থাবা এসে পড়েছে। তার পরও মানুষ পিছিয়ে যাবে না, মানুষের সংগ্রাম নিশ্চয়ই ন্যায় প্রতিষ্ঠা করবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘রাষ্ট্র ও সরকার খুনিদের প্রশ্রয়দাতা। এ রাষ্ট্র লুটেরা ও খুনিদের রাষ্ট্রে পরিণত হয়েছে।’
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘সন্ত্রাসী, গডফাদাররা তো আপনার শক্তি নয়, আপনার বাবা জনশক্তির জোরে দেশে পরিবর্তন এনেছিলেন। আপনি গডফাদারদের নিয়ে জনগণের সেবক হতে পারেন না।’
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘স্বজন হারানোর বেদনা আপনাকে কষ্ট দেয়, কিন্তু অন্যের স্বজন হারানোর ব্যথা আপনাকে স্পর্শ করে কি না, এ বিষয়ে সন্দেহ আছে। আট মাসেও ত্বকী হত্যার তদন্ত শেষ হয়নি, নয়তো আপনার আন্তরিকতা ও সততা নিয়ে আমাদের সন্দেহ তৈরি হতো না।’
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, লেখক হায়াৎ মামুদ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য লেনিন চৌধুরী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।