সন্ত্রাসের বিরুদ্ধে জাগছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় সন্ত্রাস বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি হাটের সামনে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ এলাকার সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে আসছে। দুপক্ষের দ্বন্দ্বে সম্প্রতি ইসমাইল নামের এক দিনমজুর নিহত এবং আইনাল হক ওরফে ভিকু নামের এক ব্যক্তি এক হাত ও এক পা হারিয়ে পঙ্গু হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রতিপক্ষের হামলার ভয়ে এলাকাছাড়া অনেকেই।
নিহত ইসমাইলের মা মোসা. বেগম (৭৫) বলেন, ‘আমি এ ছেলের কাছেই থাকতাম। এখন ভিক্ষা করে খাই।’
সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার বশির আহম্মদ বলেন, বিবদমান দুটি পক্ষের প্রায় ১০০ জন সন্ত্রাসীর কারণে ইউনিয়নের ২০ হাজার মানুষের শান্তি বিনষ্ট হচ্ছে। সন্ত্রাসের হোতারা যে দলেরই হোক বা দলীয় পদ-পদবির অধিকারী হোক, কাউকে ছাড় দেবে না পুলিশ। মুক্তিযুদ্ধের পক্ষের নাম ভাঙিয়ে কেউ মাপ পাবে না। এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, ‘পুলিশ-জনতা হাতে হাত/ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ’ স্লোগানকে সামনে রেখে এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে চায় পুলিশ। সন্ত্রাস দমনে এরই মধ্যে চাটাইডুবি হাটে একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলামের সভাপতিত্বে সন্ত্রাসবিরোধী সভায় আরও বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন, চাটাইডুবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রমুখ।
আওয়ামী লীগ নেতা রুহুল আমীন বলেন, দুপক্ষের সন্ত্রাসের কারণে মানুষ বাড়িতে ঘুমাতে পারছে না। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছে না। যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের নাম পুলিশের কাছে দেওয়ার আহ্বান জানান তিনি।
ওসি মাযহারুল ইসলাম জানান, হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে বিবদমান দুই পক্ষের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। ইসমাইল হত্যা মামলায় ইসলামপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামানসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও ১০-১২ জনও এ মামলার আসামি। বিবদমান দুটি পক্ষের এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান। অন্য পক্ষে নেতৃত্বে আছেন জসিম উদ্দীন (উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক)। আক্তারুজ্জামানের পক্ষে সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জসিম উদ্দীনের পক্ষে হাজি নাজিম উদ্দীন।
পরে এ প্রসঙ্গে সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ জানান, স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের দ্বন্দ্ব নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আক্তারুজ্জামানের অসহযোগিতায় তা ফলপ্রসূ হয়নি। এখন আইনানুগভাবে যা হওয়ার তা-ই হবে।
অন্যদিকে আক্তারুজ্জামান বলেন, ‘সাংসদ আবদুল ওদুদের পৃষ্ঠপোষকতায় জসিম উদ্দীন এলাকায় আধিপাত্য বিস্তারের চেষ্টায় সন্ত্রাস সৃষ্টি করছে। ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনে আমার সমর্থিত প্রার্থীর কাছে হেরে গিয়ে জসিম উদ্দীনের আক্রোশ সৃষ্টি হয়েছে আমার ওপর। সাংসদের পৃষ্ঠপোষকতায় তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন।’