বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস দমনের ব্যাপারে তাঁর দেশের অবস্থান অনড়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অবস্থান প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকার বাংলা (ভিওএ) বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে নিউইয়র্ক রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে ভিওএর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। সাক্ষাৎকারে তিনি সন্ত্রাস দমনে এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহযোগী ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত পোশাক রপ্তানির জন্য বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠাবিষয়ক জাতিসংঘের সাম্প্রতিক ফোরাম প্রসঙ্গে বলেন, বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদান সর্বজন স্বীকৃত। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তিস্তার পানি বণ্টনসহ ভারতের সঙ্গে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি, সেগুলো পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি সম্ভব। তবে তিনি এ কথাও বলেন, এরই মধ্যে বেশ কিছু বিষয়ে মীমাংসা হয়েছে।তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রবিরোধী কোনো প্রশাসনই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তাই সাংবিধানিকভাবেই ওই পদ্ধতি বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে বিরোধী দলকে তিনি সংসদে এসে তাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে তাঁর সরকারের আমলে ছয় হাজারের মতো নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনেই কোনো রকম অনিয়মের অভিযোগ ওঠেনি। তিনি আশা প্রকাশ করেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশনের পরিচালনায় দলীয় সরকারের অধীনেও যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেটি তাঁরা প্রমাণ করতে পারবেন।