সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে আছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন l ছবি: ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন l ছবি: ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

মুক্তিযুদ্ধের সময় যেভাবে পাশে দাঁড়িয়েছিল, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়েও ভারত তেমনি দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে। সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার সকালে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন আসাদুজ্জামান খান।
সাক্ষাৎকালে বাংলাদেশের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে তাঁর প্রশংসা করেন নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সংখ্যালঘু সম্প্রদায়সহ সব ধর্ম ও বর্ণের মানুষ বাংলাদেশে তাদের ধর্মীয় আচার-উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ সব সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট রয়েছে।
দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: গতকাল বিকেলে নয়াদিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন আসাদুজ্জামান খান এবং তাঁর নেতৃত্বাধীন ১৪ সদস্যের প্রতিনিধিদল। সাড়ে তিন বছর পর দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠক শেষে আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ যে সার্বিক যুদ্ধ শুরু করেছে, ভারতও তার শরিক। বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত এ লড়াইয়ে রয়েছে। সন্ত্রাসবিরোধী ব্যবস্থা গ্রহণে দুই দেশই একে অপরকে আরও বেশি করে সহযোগিতা করবে।
বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, উপকূলরক্ষী বাহিনী, মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পদস্থ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি। ভারতীয় নেতৃত্ব বৈঠকে বলেন, বাংলাদেশের প্রয়োজনে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, মৌলবাদী সন্ত্রাস কী জিনিস, বাংলাদেশ এই প্রথম তা উপলব্ধি করছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর প্রভাবও সে দেশের জঙ্গি সংগঠনগুলোর ওপর পড়েছে। এ ধরনের বিপদ মোকাবিলার অভিজ্ঞতা বাংলাদেশের তুলনায় ভারতের বেশি। ভারত তাই প্রতিবেশী বন্ধু দেশকে জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য যেভাবে নিজেদের গড়ে তোলা দরকার, ভারত তা বাংলাদেশকে দিতে প্রস্তুত। বাংলাদেশকে শুধু তার প্রয়োজনের দিকগুলো জানাতে হবে।
বাংলাদেশি প্রতিনিধিদলের এক সদস্য প্রথম আলোকে বলেন, তদন্তের বিভিন্ন ক্ষেত্রে ভারত অনেক উন্নত ও আধুনিক। কমান্ডো প্রশিক্ষণের দিকটাও ভারতের খুব উন্নত। এ বিষয়গুলোর সহায়তা বাংলাদেশ নিতে চায়। ভারতও জানিয়েছে, তারা সব ধরনের প্রশিক্ষণ দিতে প্রস্তুত। বিশেষ করে কমান্ডো প্রশিক্ষণ।
প্রতিনিধিদলের অন্যতম সদস্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এই সফরে ভারতের উন্নত প্রশিক্ষণব্যবস্থা ঘুরে দেখেন। নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস দমনে যে সংস্থাগুলো নিয়োজিত সেই এনএসজি, এনআইএ ও গোয়েন্দা ব্যুরোর কাজকর্মের পদ্ধতি তিনি নিরীক্ষণ করেন।
দুই দেশ সম্প্রতি বহিঃসমর্পণ চুক্তি সংশোধন করেছে। অপরাধী হস্তান্তর যাতে সহজতর হয়, সে লক্ষ্যেই এই সংশোধন। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই চুক্তির বিষয়গুলোও আলোচিত হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ভিসা সমস্যা দূর করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
ভারতের বার্তা সংস্থা পিটিআই আসাদুজ্জামান খানের বরাতে জানিয়েছে, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কিংবা ভারতের ধর্মপ্রচারক জাকির নায়েকের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজেজু। তিনি বলেন, এটা খুবই ফলপ্রসূ বৈঠক ছিল। সেখানে এমন কোনো বিষয় ছিল না, যেটাতে দুই পক্ষের মতভিন্নতা হয়েছে।