সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মেয়র আইভীর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমরা আর কোনো ত্বকী, সিয়াম, ইমনকে হারাতে চাই না। কিন্তু দুঃখের বিষয়, নারায়ণগঞ্জের একজন সাংসদ (নাসিম ওসমানকে ইঙ্গিত করে) ত্বকী হত্যাকাণ্ড সম্পর্কে বলেছেন, তাঁরা হত্যা করলে নাকি লাশ কেটে টুকরা টুকরা করে মাছকে খাইয়ে দিতেন। তাই নারায়ণগঞ্জের সব নারীকে তাঁদের মতো সন্ত্রাসীর গডফাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে স্বাধীনতা চত্বরে গতকাল শুক্রবার বিকেলে ‘নারীর জন্য শহর হোক নিরাপদ ও সহিংসতামুক্ত’ শীর্ষক নগর মেলা উদ্বোধনের পর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইভী এসব কথা বলেন।
সেলিনা হায়াৎ আইভী বলেন, নারীকে একাই সব ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কেউ নারীর জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসবে না। তবে একবার রুখে দাঁড়ালে একসময় দেখা যাবে সাহায্য নিয়ে অনেকেই এগিয়ে আসছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পপুলেশন সার্ভিসেস ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়। মেলায় ১২টি স্টল রয়েছে। স্টলগুলোতে শহরের বিভিন্ন নারী সংগঠন তাদের কর্মীদের তৈরি করা নানা ধরনের হস্তশিল্প প্রদর্শন করে।
মেয়র আইভী আরও বলেন, নারীর প্রতি যে ধরনের সহিংসতা হচ্ছে, তাতে নারী যতটুকু এগিয়েছে, তার চেয়ে বেশি পিছিয়ে যাচ্ছে। তা ছাড়া সরকারের পক্ষ থেকেও নারীদের স্বাবলম্বী করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। আর যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তাহলে সেগুলো ঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না। নারীকে স্বাবলম্বী করে তুলতে যতটুকু কাজ হচ্ছে, তা বিভিন্ন এনজিওর মাধ্যমে হচ্ছে।
পিএসটিসির নির্বাহী পরিচালক এফ এম মোস্তাকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ্ কবির, বাসসের উপপ্রধান বার্তা সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, অ্যাকশন এইডের পরিচালক মালিহা চৌধুরী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সিটি করপোরেশনের কাউন্সিলর কামরুল হাসান, খোদেজা খানম, রেজওয়ানা হক, শারমিন হাবিব, মিনু আরা বেগম প্রমুখ।