ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে শ্রিংলা
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে অমূল্য অংশীদার বাংলাদেশ
ঢাকা ও দিল্লি সন্ত্রাসবাদের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে অমূল্য অংশীদার হিসেবে বিবেচনা করে ভারত। গতকাল বুধবার রাজধানীর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বক্তৃতা দিতে গিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এই মন্তব্য করেন।
‘কনটেমপোরারি ইন্ডিয়া, ইটজ ফরেন পলিসি অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটেজি: ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক এ বক্তৃতায় হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রকাশ্যে বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ একা নয়। সন্ত্রাসের বিরুদ্ধে ন্যূনতম ছাড় না দেওয়ার নীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা বাংলাদেশের পাশে আছি।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বিশেষ করে জুলাইয়ের হামলাগুলোর পর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদের সরকার সারা দেশে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং সমাজের সব পক্ষকে ঐক্যবদ্ধ করেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশও সন্ত্রাসের কারণে মারাত্মক ঝুঁকি মোকাবিলা করছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে অমূল্য অংশীদার। বস্তুত এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ আজ অভিন্ন অবস্থানে আছে। তথ্যবিনিময় কিংবা অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনীর চমৎকার সহযোগিতার মাধ্যমে তা প্রতিফলিত হচ্ছে।’