সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামের পবিত্র শিক্ষায় সন্ত্রাসবাদের স্থান নেই। কখনো কোনো বাঙালি সন্ত্রাসী হতে পারে না। বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে যে সন্ত্রাসবাদ শেখানো হচ্ছে, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। 

আজ শনিবার বকশীবাজার আহমদিয়া মুসলিম জামাত, বাংলাদেশের তিন দিনব্যাপী ৯২তম ন্যাশনাল জলসা সালানার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের মোবাল্লেগ ইনচার্জ মাওলানা আবদুল আউয়াল খান চৌধুরী ‘সন্ত্রাসবাদ বনাম ইসলামে শান্তির শিক্ষা’ বিষয়ে আলোচনায় বলেন, অদ্ভুত জন্তু সন্ত্রাসবাদ। মুসলমানদের একটি ছোট্ট গোষ্ঠীর মগজ ধোলাই করা হচ্ছে। ইসলাম শান্তি ও সুসম্পর্কের কথা বলে, কাউকে গায়ের জোরে মুসলমান বানানোর কথা বলে না। তিনি বলেন, ‘ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম ও দল বানাতে চাইছে। এর সঙ্গে আল্লাহ-রসুলের কোনো সম্পর্ক নেই।’
আহমদিয়া নায়েব ন্যাশনাল আমির আহমদ তবশির চৌধুরী বলেন, ‘একজন আহমদিয়ার সবার প্রতি ভালোবাসা থাকতে হবে। বিগত ১২৭ বছর ধরে আহমদিয়া মুসলিম জামাত এটা করে যাচ্ছে।’
ফাদার বেঞ্জামিন ডি কস্টা বলেন, ‘আল্লাহ, ঈশ্বর বা শ্রষ্টা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। তিনি সবার। প্রত্যেক ধর্মে ভালোবাসার কথা আছে। কিন্তু আমরা ব্যক্তিগত স্বার্থে দলাদলি বা বিভেদ সৃষ্টি করি।’ তিনি বলেন, ধর্মের নামে অমানবিক আচরণ করা হলে সে আর মানুষ থাকে না। একজন সত্যিকার মানুষের সবার প্রতি ভালোবাসা থাকতে হবে। ভারত থেকে আসা অতিথি শাসনপ্রিয় ভিক্ষু বলেন, ‘এখানে দেখলাম সবাই হিংসা-ঘৃণার ঊর্ধ্বে। সবার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি।’
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ বলেন, ‘যারা মসজিদ, মন্দিরে হামলা করে, তারা মানুষ নয়, অমানুষ। এসব হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ, নারী-শিশু। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঘৃণাকে বর্জন করতে হবে।’ প্রয়াত বিচারপতি কে এম সোবহানের ছেলে কাজী রেহমান সোবহান বলেন, ‘আমরা দেশে কোনো আইএস দেখতে চাই না। ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে চলতে হবে। বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে হবে।’
আহমদিয়া মুসলিম জামাতের ঢাকা মহানগর শাখার আমির মীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জলসা সালানায় আরও বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর উমর বিন আজিজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শ্রী কাজল দেবনাথ, ফাদার তপন ডি রোজারিও, করুণা ভিক্ষু প্রমুখ।