প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিশ্বশান্তি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিতভাবেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে জার্মানির সফররত দুই সংসদ সদস্য হ্যান্স-পিটার ইয়ুল এবং থর্সটেন ফ্রেইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের অবহিত করেন। সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়টিতে সরাসরি জনগণের দোরগোড়ায় যাচ্ছি এবং আমাদের উদ্যোগের সঙ্গে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতাসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।’
প্রধানমন্ত্রী এ মাসেই জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে তাঁর যোগদানের বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই সম্মেলন অনুষ্ঠান অত্যন্ত জরুরি।