সন্ত্রাসের মাধ্যমে কোনো কিছুর সমাধান সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাবাটুন্ডে ওসোতিমেহিন বলেছেন, সন্ত্রাসের মাধ্যমে কোনো কিছুর সমাধান সম্ভব নয়। বিভিন্ন মতের বা দলের লোকজনকে একসঙ্গে বসে কথা বলেই সমস্যার সমাধান করতে হবে।সোনারগাঁও হোটেলে গতকাল সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় বাবাটুন্ডে ওসোতিমেহিন এ কথা বলেন। বাবাটুন্ডে নাইজেরিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি এ কথা বলেন। বাবাটুন্ডে নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে অনীহা প্রকাশ করলেও নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে এ মন্তব্য করেন। বাবাটুন্ডে বলেন, জাতিসংঘ সব সময় সন্ত্রাসের পথ পরিহার করে আইনের শাসনকে সমর্থন করে এবং এ বিষয়ে সহায়তা দেয়। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি কোনো বিষয়ে যে কারও প্রতিবাদ জানানোরও অধিকার আছে বলে তিনি উল্লেখ করেন। তবে প্রতিবাদের বহিঃপ্রকাশে সন্ত্রাস যাতে স্থান না পায়, সেদিকে নজর দিতে এবং সমস্যা সমাধানে গণতন্ত্রের চর্চার বিকল্প নেই বলে তিনি মত দেন।বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে ধরনের অত্যাচার চালানো হচ্ছে, তা নিয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের উত্তরে বাবাটুন্ডে বলেন, এ ধরনের ঘটনা অবশ্যই অনভিপ্রেত। সমাজে সংখ্যালঘুরা যাতে সব ধরনের অধিকার ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। সমাজে কারও অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। বাবাটুন্ডে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। গতকালই তিনি ঢাকা সফরে এসেছেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাবাটুন্ডে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের বিভিন্ন দিক, বিশেষ করে মাতৃমৃত্যু, পরিবার পরিকল্পনা, জনসংখ্যাসহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।বাবাটুন্ডে বাংলাদেশে মাতৃমৃত্যু কমার প্রবণতাকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তবে এখনো প্রায় ৭০ শতাংশ শিশুর জন্ম স্বাস্থ্যকেন্দ্রের বাইরে অদক্ষ ব্যক্তির মাধ্যমে সম্পন্ন হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।গতকাল বিকেলে একই হোটেলে বাবাটুন্ডে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের যুব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী আলোচনায় অংশ নেন।দুই দিনের সফরে বাবাটুন্ডে ওসোতিমেহিন আজ মঙ্গলবার ‘পপুলেশন ডায়নামিকস অ্যান্ড দ্য পোস্ট ২০১৫ ডেভেলপমেন্ট এজেন্ডা’ শীর্ষক গ্লোবাল লিডারশিপ সভায় অংশ নেবেন। এ ছাড়া এবারের সফরে বাবাটুন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।