সন্ত্রাসের মূলোৎপাটনে ঐক্যবদ্ধ হতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পিজিআর সদর দপ্তরে রাষ্ট্রপতি আবদুল হামিদকে শুভেচ্ছা উপহার দেন পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন l ছবি: আইএসপিআর
রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পিজিআর সদর দপ্তরে রাষ্ট্রপতি আবদুল হামিদকে শুভেচ্ছা উপহার দেন পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন l ছবি: আইএসপিআর

সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের মূলোৎপাটনে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে এক দরবারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় ও ঈদের দিনে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে জঙ্গি হামলার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ঘটনায় দেশবাসী মর্মাহত। বাঙালি শান্তিপ্রিয় জাতি। সাম্প্রদায়িক সম্প্রীতি এই জাতির সংস্কৃতির একটি ঐতিহ্য। ফলে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা দেশবাসী কখনোই সমর্থন করবে না।
আবদুল হামিদ বলেন, বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদেরও পরিবর্তন আসছে। এ কারণে পিজিআর সদস্যদের জন্য সময়োপযোগী ও মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। পিজিআরের প্রত্যেক সদস্যকে হতে হবে আরও দক্ষ এবং দায়িত্ব পালনে সক্ষম।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুন এবং উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।