সন্ত্রাসের মূলোৎপাটনে ঐক্যবদ্ধ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘে আরেক আলোচনায় আন্তসীমান্ত জলাধারের সুষম বণ্টন নিশ্চিত করার প্রতি জোর দিলেন শেখ হাসিনা

একই দিন প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় আন্তসীমান্ত¯ জলাধারের সুষম বণ্টন নিশ্চিত করার প্রতি গুরুত্ব দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেওয়া ভাষণে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, আফ্রিকা থেকে এশিয়ায় সন্ত্রাসীরা অগণিত নিরীহ মানুষকে অহরহ হত্যা করছে। সন্ত্রাস ও সহিংস চরমপন্থার মূল কারণগুলো আমাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে এদের পরামর্শদাতা, মূল পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, অর্থ ও অস্ত্র সরবরাহকারী এবং প্রশিক্ষকদের খুঁজে কঠোর ব্যবস্থা নিতে হবে।

প্রধানমন্ত্রী বাংলায় দেওয়া ১৯ মিনিটের ভাষণে আর্থসামাজিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিশ্বশান্তির ব্যাপারে বাংলাদেশের অবস্থান, ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, নারীরÿ ক্ষমতায়নে তাঁর সরকারের কার্যক্রম তুলে ধরেন।

শেখ হাসিনা মানবতার স্বার্থে বিশ্ব থেকে সংঘাত দূর করে শান্তির পথে এগিয়ে যেতে অভিন্ন অবস্থানে পৌঁছাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত বছর আমি বলেছিলাম, বর্তমান সময়ের দুটি প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা। আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যালেঞ্জগুলো এখন কোনো নির্দিষ্ট গ‌ণ্ডিতে আবদ্ধ না থেকে বিশ্বের সব স্থানেই ছড়িয়ে পড়ছে।’

ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ভয়ংকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের জোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের নারীরা এখন উন্নয়নের অবিচ্ছেদ্য অংশীদার। সম্ভবত বাংলাদেশ বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যেখানে প্রধানমন্ত্রী ও সংসদনেতা, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং সংসদ উপনেতা সবাই নারী।

জলাধার সুষম বণ্টনের তাগিদ: জাতিসংঘে পানিবিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনায় (এইচএলপিডব্লিউ) শেখ হাসিনা বলেন, ‘নদী অববাহিকায় সমন্বিত ব্যবস্থাপনা এবং পানিসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় পানিসাশ্রয়ী প্রযুক্তি-সুবিধার উন্নয়নসহ আমাদের আন্তসীমান্ত জলাধারের সুষম বণ্টন নিশ্চিত করা প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, এজেন্ডা ২০৩০-এ পানি ও বৃহত্তর টেকসই উন্নয়নকে আন্তসম্পর্কযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘কৃষিতে সার্বিকভাবে ৭০ শতাংশ স্বাদু পানির ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে প্রথমত আমাদের স্বল্প পানিতে উৎপাদনযোগ্য শস্যের জাত উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত, পানিসংক্রান্ত চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলায় পানিসাশ্রয়ী প্রযুক্তি-সুবিধার উন্নয়ন ঘটাতে হবে। তৃতীয়ত, নদী অববাহিকার সমন্বিত ব্যবস্থাপনাসহ আন্তসীমান্ত জলাধারের সুষম বণ্টন নিশ্চিত করা প্রয়োজন। চতুর্থত, পানির ব্যবস্থাপনা ও কার্যকর ব্যবহারের জন্য পানিসংশ্লিষ্ট অবকাঠামোয় বিনিয়োগ করতে হবে।’ শেখ হাসিনা এসডিজি-৬-এর জন্য বৈশ্বিক তহবিল গঠনের জোরালো সুপারিশ করেন।

বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য স্যানিটেশন ও নিরাপদ পানি নিশ্চিত করার জন্য সেরা দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার ৯৮ শতাংশের বেশি নিরাপদ খাওয়ার পানি পাচ্ছে এবং ৬৫ শতাংশ মানুষ নিরাপদ স্যানিটেশন-সুবিধা পাচ্ছে।

জলবায়ু পরিবর্তন, খাদ্য, স্বাস্থ্য ও জ্বালানি নিরাপত্তা পানির সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় পানিকে নতুন উন্নয়নকাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, নিরাপদ খাওয়ার পানি ও স্যানিটেশন-সুবিধা মানবাধিকারের অংশ। পরে অন্য প্যানেল সদস্যদের সঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে শেখ হাসিনা বলেন, আজ এইচএলপিডব্লিউর সদস্যরা নয়টি বিস্তৃত বিষয়ে চ্যালেঞ্জ মোকাবিলা এবং পানি নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

‘কাউকে পেছনে রাখা যাবে না’: জীবনযাত্রার মান উন্নয়নে কাউকেই পেছনে ফেলে রাখা যাবে না—এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জেন্ডার সংবেদনশীলতাকে গুরুত্বের সঙ্গে কাজে লাগাতে হবে। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অস্ট্রেলীয় সরকার, ইউএন উইমেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও জাতিসংঘ ফেডারেশন/েডটা–২–এর উদ্যোগে ‘মেকিং এভরি উইমেন অ্যান্ড গার্ল কাউন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কাউকে পেছনে ফেলে না রাখায় অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে এসডিজি বাস্তবায়নে আমাদের অবশ্যই জেন্ডার সংবেদনশীল পদ্ধতি লালন করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ভর্তি ক্ষেত্রে লিঙ্গসমতা বজায় রাখতে পেরেছি। মাতৃমৃত্যুর হার যথেষ্ট হ্রাস পেয়ে প্রতি হাজারে ১ দশমিক ৭ জনে দাঁড়িয়েছে। আমাদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি বৃদ্ধ, বিধবা, অক্ষম, স্তন্যদায়ী মা ও দুস্থ নারীদের ব্যাপকভাবে সহায়তা দিচ্ছে।’

দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের আহ্বান: দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ, ন্যায্যমূল্য ও উন্নয়ন অর্থায়নের সুযোগদানের ক্ষেত্রে দেওয়া অঙ্গীকার রক্ষায় বিশ্বের স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তরে ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ’ বিষয়ক সামাজিক সংলাপ–সংক্রান্ত গ্লোবাল ডিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশে ও দেশের বাইরে সব ক্ষেত্রে অভিন্ন দায়িত্বশীলতা হিসেবে ব্যবসাকে গণ্য করা হলে আরও লাভবান হব।’

 সুইজারল্যান্ডের সহায়তা কামনা: বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সুইজারল্যান্ডের সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্নেইডার আম্মানের সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে তিনি এই আহ্বান জানান বলে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান। এদিকে জাতিসংঘের সদর দপ্তরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।