সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধে লাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বাজারে সন্ত্রাস-ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে ব্যবসায়ীদের দোকানে দোকানে লাঠি রাখার সিদ্ধান্ত হয়েছে সিলেট নগরের বৃহত্তম হাট কাজীরবাজার এলাকায়। গত শনিবার রাত সাড়ে ১০টায় সিলেট সিটি করপোরেশনের আওতাভুক্ত ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সিটি করপোরেশন ও মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ উদ্যোগে ওই সভা হয়। সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মেয়র এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সঙ্গী করার আহ্বান জানান। সভায় বক্তারা কাজীরবাজারের ব্যবসায়ী ও বসবাসকারী পরিবারগুলোর উদ্দেশে বলেন, ‘আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তবে সন্ত্রাস-চাঁদাবাজিসহ যেকোনো অপরাধ পরাজিত হতে বাধ্য। এ জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। অভিভাবকদের নিজের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে যে সে কোনো অপকর্মে জড়িয়ে যাচ্ছে কি না?’ ঈদকে সামনে রেখে সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ ধরনের সভা হবে বলে সিটি করপোরেশন থেকে জানানো হয়।