সন্ত্রাস-জঙ্গিবাদ তুলে ধরবে আ.লীগ
ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনী প্রচারে উন্নয়ন প্রতিশ্রুতির পরিবর্তে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলাসহ রাজনৈতিক ইস্যু সামনে আনবে সরকারি দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ে কথা বলে জানা গেছে, স্থানীয় নির্বাচনে দলের ব্যানারে প্রচারের সুযোগ না থাকায় ‘সহস্র নাগরিক কমিটি’র ব্যানারে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালানো হবে। কবি সৈয়দ শামসুল হককে আহ্বায়ক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছকে সদস্যসচিব করে আজ সোমবার সহস্র নাগরিক কমিটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটবে।
বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে ‘শত নাগরিক কমিটি’ মাঠে নামায় এর বিপরীতে ‘সহস্র নাগরিক কমিটি’ করা হচ্ছে বলে জানা গেছে। অবশ্য এরই মধ্যে ‘ঢাকা নাগরিক সমাজ’-এর ব্যানারে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার শুরু হয়েছিল। ঢাকা নাগরিক সমাজ এখন সহস্র নাগরিক কমিটিতে রূপান্তরিত হচ্ছে।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই এবার সিটি করপোরেশন নির্বাচনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানবতাকে এগিয়ে নেওয়ার’ কথা ভোটারদের সামনে তুলে ধরা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের নির্বাচনী সমন্বয়ক সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এটি ‘সন্ত্রাস-নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলো’র নির্বাচন। দেশকে উন্নয়নের পথে রাখতেই সন্ত্রাস ও জঙ্গিবাদী শক্তিকে নির্মূল করতে হবে।
আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা জানান, নির্বাচনী প্রচারণায় গত তিন মাস বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতাল চলাকালে ‘নাশকতা ও সহিংসতা’ তুলে ধরা হবে। পেট্রলবোমায় হতাহতদের ছবি দিয়ে পোস্টার ও প্রচারপত্র তৈরি করা হচ্ছে।
নির্বাচনী আচরণবিধির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের মন্ত্রীরা নির্বাচনী প্রচারে থাকতে পারছেন না। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের প্রচারে নামার সুযোগ থাকায় তাঁদের কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্রগুলো জানায়, খালেদা জিয়া যেসব স্থানে সভা-সমাবেশ করতে যাবেন, তার আগে-পরে সেসব স্থানে পেট্রলবোমায় হতাহতদের ছবি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ ও সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ করা হবে। দলীয়ভাবে প্রচার করা হবে যে সাধারণ মানুষ হত্যার দায়ে খালেদা জিয়া ভোট চাইতে পারেন না।
এ ছাড়া বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিককেও (ববি) নির্বাচনী প্রচারে নামানোর কথা ভাবা হচ্ছে। সজীব ওয়াজেদ জয় মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় তিনি নির্বাচনী প্রচারে নামতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ববির ব্যাপারে তরুণ সমাজের আগ্রহ আছে। আমাদের শীর্ষ নেতাদের নির্বাচনী প্রচারে নামার সুযোগ না থাকায় তাঁকে মাঠে নামানোর চিন্তা-ভাবনা হচ্ছে।’
আওয়ামী লীগের নেতারা জানান, এর আগে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনে সরকারি দল-সমর্থিত প্রার্থীর ভরাডুবি হওয়ায় তা থেকে শিক্ষা নিয়ে এখন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনের বিষয়ে কর্মকৌশল ঠিক করা হচ্ছে। এই তিন সিটি নির্বাচনের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর ও দেখভাল করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনী ইশতেহার, প্রচারপত্র, প্রচারকৌশল, নির্বাচনী কমিটি গঠন—সবকিছুই তাঁর পরামর্শে করা হয়েছে।
ঢাকা উত্তরে সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক, দক্ষিণে আরেক সাবেক মন্ত্রী ফারুক খান এবং চট্টগ্রামে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রধান করে তিনটি নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। ঢাকায় ১৫টি সংসদীয় আসন ধরে ১৫টি কমিটি করা হয়। এসব কমিটি একক কাউন্সিলর পদপ্রার্থী বাছাইসহ এলাকাভিত্তিক নির্বাচনী প্রচার চালাবে।
পাশাপাশি দলীয় সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানা দলে-উপদলে বিভক্ত করে মাঠে নামানো হয়েছে। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, কৃষিবিদসহ আওয়ামী লীগের সমর্থক বিভিন্ন পেশাজীবীকে মাঠে নামানোর জন্য দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের বলা হয়েছে।