সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হোন: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে সৈয়দ আশরাফুল ইসলাম এ আহ্বান জানান।
সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কয়েকবার পাকিস্তানে গেছেন বলে তাঁদের কাছে তথ্য আছে।
‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপপরিষদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্সে’ আছে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘সন্ত্রাসী শুধু আমাদের দেশে না, সন্ত্রাসী মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে আছে। মধ্যপ্রাচ্যে এ অবস্থা কেন? এটা একধরনের সাম্প্রদায়িকতা। এর মূল উদ্যোক্তা সৌদি আরব। ইরাক ও সিরিয়ায় এ অবস্থা কেন? এরও মূল উদ্যোক্তা সৌদি আরব। সৌদি আরব যদি সুন্নিদের পৃষ্ঠপোষকতা না করত, তাহলে কিন্তু ইরাকে যুদ্ধ হয় না। সিরিয়ায় এ অবস্থা হয় না। তাদের সংকীর্ণ ধর্মীয় গোষ্ঠীর কারণে সমগ্র বিশ্ব আজ আতঙ্কে। কেউ আজকে নিরাপদ নাই।’
আশরাফ বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী শুধু মধ্যপ্রাচ্যে নয়, বাংলাদেশেও পৃষ্ঠপোষকতা করছে। তারা চায়, বাংলাদেশে শিয়া-সুন্নি বা মুসলমান-হিন্দুদের মধ্যে একটা বিভাজন হোক, এদের মধ্যে সংঘাত তৈরি হোক।
সেমিনারে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘খালেদা জিয়া হলেন লেডি লাদেন। আর তাঁর ছেলে সম্পর্কে তো সবাই জানে, যে ব্যক্তি দাউদ ইব্রাহিমের মতো একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর সঙ্গে ওঠাবসা করতে পারে। আমাদের কাছে তথ্য আছে, সে কয়েকবার লন্ডন থেকে পাকিস্তানে এসেছে। তার কাজই হলো পাকিস্তানি ভাবধারা বাস্তবায়ন করা।’
এইচ টি ইমাম বলেন, বিএনপিকে ‘অতীতের ভুল রাজনীতি’ শুধরে আসার জন্যই সুন্দরভাবে কাউন্সিল করার সুযোগ করে দেওয়া হয়েছে। তারা এই সুযোগের অপব্যবহার করলে কঠোর হস্তে তা দমন করা হবে।
সেমিনারে বক্তব্যে বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে ‘ব্যর্থ রাজনীতিক’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, সাম্প্রদায়িকতা রুখতে ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। পঁচাত্তরের পরে প্রশাসনে যে জামায়াতীকরণ শুরু হয়েছে, এখনো তা মুক্ত করা যায়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘মুক্তিযুদ্ধ অস্বীকার আইন’ করার পরামর্শ দেন তিনি।
সেমিনারের শুরুতে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আমীর-উল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।