সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গতকাল মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে পৌরসভা। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে l ছবি: প্রথম আলো
জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গতকাল মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে পৌরসভা। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে l ছবি: প্রথম আলো

জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানিকগঞ্জে গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নরসিংদী, মুন্সিগঞ্জ ও গাজীপুরেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে বেলা ১১টায় পৌরসভার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন
করা হয়।
কর্মসূচি চলাকালে পৌর মেয়র গাজী কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলার সভাপতি দীপক ঘোষ, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ রায়, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, খেলাঘরের জেলা সভাপতি মীর মোকসেদুল আলম, জাতীয় হিন্দু মহাজোটের জেলা সাধারণ সম্পাদক তাপস সাহা প্রমুখ।
মঞ্জুর আহমেদ বলেন, পথভ্রষ্ট কিছু কিশোর ও তরুণ ইসলামের নামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে জড়াচ্ছেন। সব বয়সের ও সব শ্রেণি-পেশার মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই চেতনায় এ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
নরসিংদী: বিকেল সাড়ে চারটায় জেলার মনোহরদী উপজেলা মিলনায়তনে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে মনোহরদীর পৌর মেয়র আমিনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ: সকালে জেলার লৌহজং উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ মানবাধিকার কমিশন, লৌহজং মুক্তিযোদ্ধা সংসদ ও অন্বেষণ লৌহজং। উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সন্ত্রাসবিরোধী সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকিরের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, ইউএনও মো. খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাহবুব আলম বাহার প্রমুখ।
গাজীপুর: সকালে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল মীরেরবাজার চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান প্রমুখ।