সন্ত্রাস-জঙ্গিবাদের মতো দানব থেকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে বন্যাদুর্গত মানুষের জন্য অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন l ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে বন্যাদুর্গত মানুষের জন্য অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন l ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেন এই দুই দানবের সঙ্গে কেউ জড়িত হতে না পারে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল মঙ্গলবার বিকেলে বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে অনুদানের চেক গ্রহণকালে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছি, ইনশা আল্লাহ সেভাবেই মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করব। ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে, তারা ইসলামের সর্বনাশ করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আমরা সবার সহযোগিতা চাই।’

তাঁর সরকার বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ চলতে দেবে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সবার সহযোগিতা চাই। যে যেখানেই থাকুন, সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ এই দুই দানবের সঙ্গে জড়িত হতে না পারে।’

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ইতিমধ্যে এ ধরনের সচেতনতা সৃষ্টি করেছে। এমনকি গ্রামের জনগণও এখন এই দুই শয়তানের বিরুদ্ধে সজাগ রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বন্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বন্যা মোকাবিলায় তাঁর সরকার বসে নেই। দুর্গত মানুষের কাছে খাদ্য, পানীয় ও ওষুধের মতো ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, এটি সত্যি যে বন্যা গ্রামের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনে। তবে এতে পলিমাটি বয়ে আসার কারণে জমি উর্বর হয় এবং দেশের মানুষ লাভবান হয়। বন্যার পরে এ পলিমাটি দৃশ্যমান হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন এ ক্ষেত্রে বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলোর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তাদের অর্থ দুর্গত মানুষের সেবায় ব্যবহার করা হবে।

এর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) অধীন ৩১টি ব্যাংক এবং ওয়ালটন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা), ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ও গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক তুলে দেন।