সন্দেহ ছিল আইএস অবস্থান জানান দিতে পারে: আসক
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতি প্রসঙ্গে বলেন, বিষয়টি একেবারে অনাকাঙ্ক্ষিত—এ রকম ছিল না। আট-নয় মাস ধরে দেশে যে ধরনের ঘটনা ঘটছে, এতে সন্দেহ ছিল যে বড় ধরনের কোনো ঘটনার মধ্য দিয়ে আইএস তাদের অবস্থান জানান দিতে পারে।
আজ রোববার দুপুরে গুলশানে ৭৯ নম্বর সড়কের মাথায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নূর খান সাংবাদিকদের এ কথা বলেন।
নূর খান বলেন, এ ধরনের পরিস্থিতি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েই মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনগণকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্য।
আইএস প্রসঙ্গে নূর খান বলেন, ‘সিরিয়া থেকে শুরু করে আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, ভারতে তারা ছিল। এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশেও তাদের অবস্থান সম্পূর্ণরূপে জানান দিল। আইএস আছে কি নেই, তা নিয়ে বিতর্ক করে যে সময়ক্ষেপণ করেছি, তা না করলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা আরও বাড়ত।’
আজ গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্বজন, বন্ধু ও সাধারণ মানুষ। ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই।
গত শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় নিহত হয়েছেন ২০ জন জিম্মি। তাঁদের মধ্যে তিনজন বাংলাদেশি। ১৭ জন বিদেশি।