বগুড়া জেলা সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের সংগঠক জিয়াউদ্দিন জাকারিয়া (৪৭) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ব্যাপারে পুলিশের সন্দেহ জামায়াত-শিবিরের দিকেই। ওই সন্দেহের সূত্র ধরেই পুলিশ ইতিমধ্যেই শিবিরের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
গত সোমবার রাতে এই হত্যাকাণ্ডের পর থেকেই বগুড়ার মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম ও গণজাগরণ মঞ্চের নেতারা এ ঘটনায় জামায়াত-শিবির জড়িত বলে দাবি করে আসছেন। জিয়াউদ্দিন বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গণজাগরণ মঞ্চ ও সেক্টর কমান্ডারস ফোরামের নেতা হওয়ার কারণে এই হত্যাকাণ্ডে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার বিষয়টি সামনে রেখে প্রাথমিক তদন্ত চলছে। ইতিমধ্যেই সন্দেহভাজন হিসেবে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।
জিয়াউদ্দিনের চাচা এস এম আইয়ুব আলী জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় জিয়াউদ্দিন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। কর্মজীবনে এসেও সেই চেতনা থেকে বিচ্যুত হননি। শিক্ষকতার পাশাপাশি নতুন প্রজন্মে মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সাহসের সঙ্গে সংগঠক হিসেবে কাজ করে চলেছিলেন। থাকতেন বগুড়া শহরের শিববাটি এলাকায় ভাড়া বাসায়। স্ত্রী ফেরদৌসি জাকিয়া একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক। বড় মেয়ে তাবাস্সুম জাকিয়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন প্রকৌশল বিভাগে দ্বিতীয় বর্ষে ও তারামন জাকিয়া বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের সপ্তম শ্রেণীতে পড়ছে।
জিয়াউদ্দিনের ভগ্নিপতি জহুরুল ইসলাম বলেন, প্রতিদিন সন্ধ্যায় বাসা থেকে বের হতেন তিনি। রাত ১০টা পর্যন্ত আড্ডা দিতেন গণজাগরণ মঞ্চের আহ্বায়ক মাসুদার রহমানের প্রেসে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে একসঙ্গে চা খেয়ে প্রেসের দিকে রওনা দেন তিনি।
মাসুদার রহমান জানান, সোমবার রাতে তাঁরা প্রেসে আড্ডা দিচ্ছিলেন। রাত নয়টার দিকে মাথায় হেলমেট ও মুখে মাফলার পরা দুজন যুবক প্রেসে তাঁকে (মাসুদার) খুঁজতে আসেন। সন্দেহ হওয়ায় তিনি তাঁদের আসার কারণ জানতে চান। যুবকেরা জানান, কিছু ক্যালেন্ডার বানাতে দেবেন। তাঁর মুঠোফোন নম্বর নিয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কয়েক মিনিট পর প্রেসের ব্যবস্থাপক পবিত্র কুমারকে নিয়ে পান কিনতে বাইরে যান জিয়াউদ্দিন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর ওপর হামলে পড়ে ঘাতকেরা।
পবিত্র কুমার বলেন, ‘রাস্তায় আবছা অন্ধকার। হঠাৎ হামলে পড়ে ঘাতকেরা। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কয়েকটি ককটেল ফাটানো হয়। ধোঁয়া সরে যাওয়ার পর দেখি স্যারের লাশ সেখানে পড়ে আছে।’
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার দুপুরের পর শহরের শিববাটি এলাকার সেবক সমিতি গলির ‘এসকে ভিলা’ বাসায় জিয়াউদ্দিনের মরদেহ আনার পর সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ফেরদৌসী জাকিয়া স্বামীর শোকে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তাবাস্সুম জাকিয়া বাবার মরদেহের কাছে আহাজারি করছিলেন।
বাদ আসর কালিতলা মদিনা মসজিদে জানাজা শেষে তাঁর লাশ সদর উপজেলার গোকুলে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
এদিকে একই ঘটনায় ঘাতকদের ছোড়া হাতবোমার আঘাতে আহত রিকসাচালক গাবতলী উপজেলার বুদা প্রামানিকের অবস্থা গতকাল পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।