সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় গ্রেপ্তার ১২
রাজশাহীতে গত বৃহস্পতিবার গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরা করার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মিঠুন খান, তারিকুল ইসলাম, এস এম নুরি ইসলাম, নাজমুল হক, মোরশেদ আলী, কাওছার আলী, শরিফুল ইসলাম, ইসহাক আলী, সুমন ঘোষ, নাইমুল হক, মেসবাহ উল হক ও মইনুল ইসলাম। তাঁদের বাড়ি নওগাঁ ও সিরাজগঞ্জসহ আশপাশের জেলায়। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্ব পালনরত ভ্রাম্যমাণ আদালতের হাকিম কামরুজ্জামান প্রথম আলোকে জানান, নির্বাচন উপলক্ষে সব বহিরাগতকে শহর ছাড়তে বলা হয়েছে। কিন্তু প্রথম তিনজন একটি মোটরসাইকেলে ও অন্য নয়জন একটি মাইক্রোবাসে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা একেকবার একেক রকম তথ্য দিচ্ছিলেন। নাশকতা চালাতে পারেন—এই আশঙ্কা থেকে তাঁদের আটক করা হয়েছিল।