কোকেন শনাক্তের ঘটনায় জড়িত সন্দেহে মেহেদী আলম নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার বিকেলে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও কোকেন মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার মেহেদী আলম যুক্তরাজ্যপ্রবাসী ফজলু মিয়ার শ্যালক ও তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটিডের কর্মী গ্রেপ্তার গোলাম মোস্তফার খালাতো ভাই।
তদন্ত কর্মকর্তা জানান, তেলের চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাসের জন্য মেহেদীই প্রথম ফজলু মিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি আগ্রাবাদ এলাকার একটি ব্রোকারেজ হাউসের কর্মী। তেলের চালানটি গত ৬ জুন জব্দের পরই গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হওয়ার আগে আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল প্রথম আলোকে বলেছিলেন, যুক্তরাজ্যে থাকা তাঁর মামাতো ভাই বকুল মিয়া সূর্যমুখী তেলের চালানটি খালাসের জন্য তাঁকে অনুরোধ করেন। শেষ পর্যন্ত তিনি চালানটি খালাস করতে বকুল মিয়ার পরামর্শে খান জাহান আলী লিমিটেডের কর্মী গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করেন। তখন মোস্তফা তাঁকে জানান, লন্ডনে তাঁর (গোলাম মোস্তফা) খালাতো বোনের জামাই থাকেন। নাম ফজলু। তিনিই তাঁকে চালান খালাসের দায়িত্ব দিয়েছেন।
তবে বকুল আর ফজলু একই ব্যক্তি কি না, সে বিষয়ে তখন পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। গতকাল সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে বকুল ও ফজলু মিয়া এক ব্যক্তি নন।
এদিকে এ মামলায় গ্রেপ্তার কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। একই আদালতে এই মামলায় চোরাচালান-সংক্রান্ত অপরাধের জন্য বিশেষ ক্ষমতা আইনের ধারা সংযোজনের শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামি এ কে আজাদ জামিনে মুক্তি পেলে মামলার তদন্তকাজ ব্যাহত হতে পারে বলে আদালতকে জানানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। তিনি বলেন, মামলার এজাহারে বিদেশ থেকে জাহাজে করে মালামাল আনা হয়েছে উল্লেখ থাকলেও বিশেষ ক্ষমতা আইনের ধারা সংযোজন না করায় ৫ জুলাই অসন্তোষ প্রকাশ করেন আদালত। ওই দিন মামলায় ধারাটি সংযোজনের আদেশ দেওয়া হয়। পরে গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন জমা দেন। গতকাল শুনানির দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিশেষ ক্ষমতা আইনের ধারা সংযোজনের শুনানির দিন ধার্য থাকলেও আদালতের কাছে সময় চাওয়া হয়েছে।
গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হওয়ায় ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। পরে ঢাকা থেকে কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদসহ তিনজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুই আসামি আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল ও মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ডে আছেন আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফাও।