সন্দেহভাজন আরও দুই জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হচ্ছেন মাওলানা কাশেম বিল্লাহ নোমান (৩৫) ও তাঁর বড় ভাই আরিফ বিল্লাহ (৪২)। মঙ্গলবার ভোরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পূর্ব পুকরা গ্রাম থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ আদালতে হাজির করে তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ ব্যাপারে আদালত আজ শুনানির দিন ধার্য করেছে।হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নয়মুল হাসান ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুর রহমান প্রথম আলোকে বলেন, কিবরিয়া হত্যা মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান ওরফে মিঠু টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) কেন্দ্রে জিজ্ঞাসাবাদে তাঁর সহযোগী হিসেবে কাশেম বিল্লাহ ও আরিফ বিল্লাহর নাম বলেছেন। পুলিশ দাবি করছে, গ্রেপ্তার হওয়া দুজন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য। তবে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি দাবি করেন, তাঁদের সঙ্গে হুজির কোনো সম্পৃক্ততা নেই।পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম বিল্লাহ জানান, তিনি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি জামেয়া ইসলামিয়া আরিবিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। বর্তমানে বানিয়াচং উপজেলার নোয়াগাঁও মাদ্রাসায় শিক্ষকতা করেন।গতকাল থানা হেফাজতে থাকা কাশেম বিল্লাহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, একই এলাকার বাসিন্দা হিসেবে তিনি হুজির জঙ্গি মিঠুকে চিনতেন। তাঁর দাবি, তিনি হবিগঞ্জ পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার সদস্য, হুজির সদস্য নন। আরিফ বিল্লাহ জানান, তিনি হবিগঞ্জ শহরতলীর বালিখাল এলাকায় আসবাবপত্রের ব্যবসা করেন। তিনি ঢাকার বড় কাটারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন।