সন্দেহভাজন হিসেবে আরও দুজন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরও দুই ব্যক্তিকে শনাক্ত করেছেন তদন্তকারীরা। এ দুজন হলেন এম এ মতিন (৪৮) ও শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৫)।
এই হত্যার ঘটনায় এর আগে তদন্তকারীরা বৈদ্যুতিক মিস্ত্রি ও মুঠোফোন মেরামতকারী তামজিদ আহম্মেদ ওরফে রুবেল (৩৫), বিএনপির সমর্থক মো. রাসেল চৌধুরী (৩৫) ও বিএনপির কর্মী মো. রাসেল (৪০) ও ভাঙারি ব্যবসায়ী সোহেল ওরফে ভাঙারি সোহেলকে (৩৫) শনাক্ত করেন।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এ নিয়ে এ হত্যার ঘটনায় ছয়জনকে শনাক্ত করা হলো। সর্বশেষ শনাক্ত করা দুজনের মধ্যে মতিন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুমের ছোট ভাই। মতিন ও শরিফের বাসা বাড্ডা এলাকায়।
শরিফের বাসা মধ্য বাড্ডার আদর্শনগরে। সেখানকার একজন পুরোনো লোহা-লক্কড় ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, শরিফ বিএনপির কর্মী। তিনি মোটরসাইকেল চালান। মাঝেমধ্যে শরিফের মোটরসাইকেলে ভাঙারি ব্যবসায়ী সোহেলকে দেখা যেত। সাত-আট দিন ধরে শরিফকে আর এলাকায় দেখা যাচ্ছে না।
তাবেলা হত্যা মামলার তদন্তে গঠিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) তদন্ত কমিটির প্রধান উপকমিশনার মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, সিজার তাবেলা হত্যায় তিন মোটরসাইকেল আরোহীর পাশাপাশি হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তাকারী, অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীও শনাক্ত হয়েছে। তাঁরা গোয়েন্দা জালে রয়েছে। তাঁদের নাম না জানালেও ডিবির এই কর্মকর্তা বলেন, তাঁদের গ্রেপ্তার করা এখন সময়ের ব্যাপার।
এদিকে এম এ মতিনের স্বজনেরা বলছেন, বাড্ডার সংযোগ সড়কের নিজ বাসার সামনে থেকে চার দিন আগে সাদাপোশাকের তিন-চারজন ব্যক্তি সাদা গাড়িতে মতিনকে তুলে নিয়ে গেছেন। এরপর থেকে তাঁর সন্ধান মিলছে না। তাঁর স্ত্রী মুসাররাত জাহান গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাসার পাশের মসজিদে গত মঙ্গলবার এশার নামাজ পড়তে তাঁর স্বামী বাসা থেকে বের হন। সে সময় বাসার কাছে শোরগোল শুনে তিনি দোতলার বারান্দায় যান। এ সময় স্থানীয় লোকজনের কাছে তিনি শোনেন, সাদাপোশাকের তিন-চারজন মতিনকে ধরে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে গেছে। কথা শুনে তাঁর মনে হচ্ছিল, ডিবি বা থানার পুলিশ মতিনকে ধরে নিয়ে গেছে। এরপর তাঁরা বাড্ডা থানায় গেলে বলা হয়, এই থানার পুলিশ তাঁকে আটক করেনি। এ বিষয়ে থানা থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁর স্বজনেরা ডিবি কার্যালয়ে যোগাযোগ করেও মতিনের সন্ধান পাচ্ছেন না।
মুসাররাত বলেন, তাঁরা গোলকধাঁধায় আছেন। তাঁর ভাশুর কাইয়ুম বিএনপির নেতা হলেও তাঁর স্বামী কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। গার্মেন্টসের ব্যবসা করেন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এসে তিনি সারাক্ষণ বাসাতেই থাকেন। কী কারণে, কারা তাঁকে নিয়ে গেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাঁর স্বামী হাঁপানির সমস্যায় ভুগছেন। স্বামীকে ফিরে পেতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মতিনকে পুলিশ আটক করেনি।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন। সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।