সন্দেহভাজন আরেক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় রাজীব হোসেন (২২) নামের সন্দেহভাজন আরও একজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার বিকেল সোয়া চারটার দিকে পার্শ্ববর্তী জেলা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-১২ টাঙ্গাইলের ৩ নম্বর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, ইতিপূর্বে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদ নিপুর (২৪) দেওয়া তথ্য মোতাবেক রাজীবকে নয়াপাড়ায় তাঁর খালাতো বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাজীবের বাড়ি পার্শ্ববর্তী সখীপুর উপজেলার হতেয়া গ্রামে। তিনি মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমের আত্মীয়। রাজীবকে আজ মঙ্গলবার মির্জাপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হবে।
এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিসহ মোট ১৬ জন পুলিশ ও র্যাবের হাতে ধরা পড়লেন। তাঁদের মধ্যে র্যাবের হাতে ১৬ অক্টোবর ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সাত নম্বর আসামি নূর মোহাম্মদ নিপু (জাহাঙ্গীরের চাচাতো ভাই) গত শনিবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।
৬ অক্টোবর দিবাগত রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়া-প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। মনিরাকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গ্রামের সিঙ্গাপুর-প্রবাসী জাহাঙ্গীর এই নারকীয় ঘটনা ঘটান বলে অভিযোগ। ঘটনার পরদিন জাহাঙ্গীরকে প্রধান আসামি করে মোট ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন মজিবর রহমানের শ্যালক মোফাজ্জল হোসেন।
হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পার হলেও প্রধান আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী মোফাজ্জল। তিনি জাহাঙ্গীরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বলেন, জাহাঙ্গীর পুলিশের নাগালের মধ্যে নেই।