পুরান ঢাকায় ছিনতাইকারীদের গুলিতে চাল ব্যবসায়ী আফিল উদ্দিন বিশ্বাস নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে শাহীন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তার হওয়া আবদুল খালেককে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার জিন্দাবাহার এলাকা থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তিনি কাগজ ব্যবসায়ী কবির হত্যা মামলারও আসামি। শাহীনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে।ওসি জানান, এর আগে আফিল উদ্দিন নিহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোড থেকে টহল পুলিশ অস্ত্রসহ আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। তখন খালেকসহ তিনজন একটি মোটরসাইকেলে যাচ্ছিল। বাকি দুজন পালিয়ে যায়। রিমান্ডে খালেক এখনো ব্যবসায়ী আফিল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেনি।গত মঙ্গলবার বিকেলে আফিল উদ্দিন বাবুবাজারে নিজের বাসার সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের কবলে পড়েন। হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিলে আফিলকে ছিনতাইকারীরা গুলি করে হত্যা করে।