সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জের আলোচিত শিশু পিয়াসুল হাছান ওরফে অন্তর (৬) হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. সেলিম মিয়াকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। হাজীগঞ্জ থানার পুলিশ গতকাল বিকেলে সেলিম মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গন্ধর্ব্যপুর (দঃ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিনের শিশুপুত্র পিয়াসুল হাছান ওরফে অন্তরকে ৭ জুন পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে খেলাকালীন দুজন যুবক মোটরসাইকেলযোগে এসে চকলেট দিয়ে অপহরণ করে। ৯ জুন কাশিমপুর গ্রামের ঠাকুরবাড়ির পাশের একটি গর্ত থেকে অন্তরের লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় গিয়াস উদ্দিনের ছেলে আজাদ হোসেন বাদী হয়ে ১১ জনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেন। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, ‘এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মিয়াকে তাঁর নিজ ঘরে আটক করে হাজীগঞ্জ থানায় খবর দেয়। আমরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি।’