জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সন্দেহভাজন এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে হল কমিটি। গতকাল বুধবার সকালে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অভিযোগে তাঁকে প্রশাসনের কাছে সোপর্দ করেন হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা।
হল প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাতে হলে শিক্ষার্থীদের আসন বণ্টনের বিষয়ে খোঁজ নিতে যান ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাঁরা হলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করতে যান। হলের উত্তর পাশের ব্লকের ৪৪৭ নম্বর কক্ষ পরিদর্শনে গেলে তাঁরা একটি বিছানার ওপর ইসলাম, জিহাদ, গণতন্ত্রসহ ধর্মীয় অন্যান্য বিষয়ে লেখা কয়েক শ বই দেখতে পান। ছাত্রলীগের কর্মীরা জানতে চাইলে ফার্মেসি বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী মো. মাকুসুদুল হক জানান, এসব বই তাঁর। এ সময় তাঁর কাছে ইসলামী সমাজ নামে একটি সংগঠনের প্রচারপত্র পাওয়া যায়।
হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবির বলেন, ওই শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে যে সংগঠনের সঙ্গে যুক্ত, তা রাষ্ট্রবিরোধী কি না—জানতে চেয়ে তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।