সন্দেহভাজন একজনের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সালেহ রহমান ওরফে সীমান্তর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
গত সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ তাঁর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে কেন তাঁকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, গত ১২ মে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতে কারাবন্দী সালেহ রহমানের জামিন আবেদন খারিজ করা হয়। এরপর তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামসুদ্দোহা তালুকদার।
সোমবার রোনা নাহরীন প্রথম আলোকে বলেন, ছয় মাসের জামিন মঞ্জুর করা হয়েছে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে অবশ্যই আপিল বিভাগে আবেদন করা হবে।
নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী গত ৬ মার্চ নিখোঁজ হয়। দুই দিন পর ৮ মার্চ সকালে তার মৃতদেহ পাওয়া যায় নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যা নদীর নৌযান নোঙর করার খালের (হারবার) কাদাপানিতে। ওই দিনই ত্বকীর বাবা মামলা করেন। এতে কারও নাম উল্লেখ করা ছিল না। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে ১৮ মার্চ পুলিশের কাছে অবগতিপত্র জমা দেন। এতে সালেহ রহমান ওরফে সীমান্তর নাম ছিল। ১৮ এপ্রিল সালেহ রহমানকে গ্রেপ্তার করা হয়।