নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সালেহ রহমান ওরফে সীমান্তের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল বুধবার আবেদনটি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সালেহ রহমানের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ স্থগিত চেয়ে করা আবেদনটি গতকাল অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের আদালতে দাখিল করা হয়। আদালত শুনানি নিয়ে আগামী ২ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করেন।
আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করা হয়। আদালত ২ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ২৪ জুন রুল জারির পাশাপাশি সালেহ রহমানের ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, গত ১২ মে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতে কারাবন্দী সালেহ রহমানের জামিন আবেদন খারিজ করা হয়। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।